Sylhet Today 24 PRINT

১০ কোটি ডলার লোপাট, আইনি পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মার্চ, ২০১৬

বাংলাদেশ ব্যাংক বলছে, হ্যাকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রে তাদের এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেয়া বিপুল পরিমাণ অর্থের একাংশ উদ্ধার করা হয়েছে।

এই অর্থের পরিমাণ সম্পর্কে বাংলাদেশের এই কেন্দ্রীয় ব্যাংক আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, বেহাত হওয়া অর্থের মোট পরিমাণ প্রায় ১০ কোটি মার্কিন ডলার।

সোমবার (৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক (বিবি) জানাচ্ছে, চুরি যাওয়া অর্থ ফিলিপাইনে রয়েছে।

এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের একটি ব্যাংক অ্যাকাউন্টে বাংলাদেশ ব্যাংকের যে অর্থ রক্ষিত ছিল, তারই একটি অংশ অ্যাকাউন্ট হ্যাক করে চুরি করা হয়েছিল।

ঐ অর্থের একটি অংশ আদায় করা সম্ভব হয়েছে, এ কথা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক বলছে, বাকি অর্থের গন্তব্য সনাক্ত করে তা আদায়ের বিষয়ে বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ফিলিপাইনের অ্যান্টি-মানি লন্ডারিং কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।

কত পরিমাণ অর্থ ফেরত আনা হয়েছে, বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা না হলেও কর্মকর্তারা বলছেন, বেহাত হওয়া অর্থের এক চতুর্থাংশের মতো আদায় হয়েছে।

বিদেশে রাখা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুদ থেকে অর্থ হাতিয়ে নেয়ার খবর এমন সময় এলো, যখন দেশেই একটি চক্র ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াতি করে অর্থ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে, বাংলাদেশ ব্যাংক (বিবি) যুক্তরাষ্ট্রে ব্যাংকের রিজার্ভ একাউন্ট থেকে চুরি হওয়া টাকা উদ্ধারে আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুতি নিচ্ছে।

বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এই অর্থ উদ্ধারে এবং বাকি টাকা দেশে ফিরিয়ে আনতে ফিলিপাইনের এন্টি মানিলন্ডারিং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। ফিলিপাইনর এন্টি মানিলন্ডারিং কর্তৃপক্ষ এ ঘটনায় একটি মামলা করেছে এবং হ্যাকিং-এর সাথে সংশ্লিষ্ট সকল বন্ধ ব্যাংক একাউন্টের ব্যাপারে তথ্য সংগ্রহ করছে।

বিবি বলেছে, এ ঘটনায় তাদের তদন্ত শেষ বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে বিশ্ব ব্যাংকের স্টোলেন এ্যাসেটস রিকভারি (এসটিএআর)-কে সম্পৃক্ত করা হবে।

কেন্দ্রীয় ব্যাংক আরো বলেছে, বিশ্ব ব্যাংকের একটি বিশেষজ্ঞ ও ফরেনসিক দল এ ব্যাপারে বিএফআইইউ’র সাথে কাজ করছে।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, তদন্তের স্বার্থে এ ব্যাপারে আর কোনো তথ্য প্রকাশ করা যাবে না। কেন্দ্রীয় ব্যাংক সাইবার হুমকি মোকাবেলায় ব্যাংক এবং অন্যান্য আর্থিক ইন্সটিটিউশনে সাইবার নিরাপত্তা জোরদার করার পরামর্শ পুনর্ব্যক্ত করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.