Sylhet Today 24 PRINT

যথাযথ আইনি প্রক্রিয়ায় রায় কার্যকর হবে: আইনমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মার্চ, ২০১৬

মানবতাবিরোধী অপরাধের দায়ে মুক্তিযুদ্ধকালে  আলবদর বাহিনীর তৃতীয় শীর্ষনেতা মীর কাসেম আলীর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ সর্বোচ্চ আদালতে বহাল থাকার পর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এ রায় কার্যকরা করা হবে। 

রায়ের প্রতিক্রিয়ায় পরে সচিবালয়ে নিজ কার্যালয়ে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগের প্রতিটি রায়ে আমরা সন্তুষ্ট হয়েছি। ঘোষিত প্রতিটি রায়ের মতো এ রায়েও সন্তুষ্ট সরকার। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে রায় কার্যকর করা হবে।

মঙ্গলবার (০৮ মার্চ) সকালে জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর আপিল মামলার চূড়ান্ত রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া সর্বোচ্চ সাজা বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 

মন্ত্রী বলেন, আব্দুল কাদের মোল্লার রায়ে বলা আছে, দণ্ডিত আসামিরা রায় পুনর্বিবেচনার (রিভিউ) অাবেদন করতে পারবেন। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নির্ধারিত সময় ১৫ দিনের মধ্যে তারা রিভিউ আবেদন না করলে আইন অনুযায়ী রায় কার্যকরের প্রক্রিয়া চালানো হবে। আর যদি তারা রিভিউয়ের আবেদন জানান, তাহলে সর্বশেষ আইনি লড়াই করে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুসারে পরবর্তী প্রক্রিয়া চালানো হবে।

প্রধান বিচারপতি এবং বিচারাধীন বিষয় বিরুপ মন্তব্য করায়  দুই মন্ত্রীকে আপিল বিভাগের তলব ও আদালত অবমাননার নোটিশ জারির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সু্প্রিম কোর্টের সাব জুডিশিয়াল বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। তবে আদালত ও বিচারিক বিষয়ে কারো কোনো মন্তব্য করা উচিত নয়। কারণ, কারো কোনো কথায় আদালত ও বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুন্ন হলে তাতে দেশেরই ভাবমূর্তি ক্ষুন্ন হয়।

তিনি বলেন, গতকালই (সোমবার) আপনারা জেনেছেন, আমরা বলেছি, দুই মন্ত্রীর বক্তব্য সরকারের নয়, এটা তাদের ব্যক্তিগত। এতে বিচারপতিদের প্রতি সরকারের অনাস্থার কোনো সুযোগ নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.