নিউজ ডেস্ক | ০৯ মার্চ, ২০১৬
জামায়াতে ইসলামীর হরতাল শুরুর আগে সাভারে শ্যামলী পরিবহনের দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। এতে কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।
বুধবার ভোররাতে সাভারের বুলিয়াপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বাস দুটিতে আগুন দেওয়া হয় বলে সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভানোর আগে দুটি বাসেরই সব সিট পুড়ে গেছে বলে জানান তিনি।
ওসি কামরুজ্জামান বলেন, বুলিয়াপুরে শ্যামলী পরিবহনের একটি গ্যারেজ রয়েছে। রাতে গ্যারেজের পাশের রাস্তায় তাদের বাস রাখা হয়। সেখানকার দুটি বাসে ভোররাতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে।
ওই পরিবহনের কর্মীদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে সন্দেহ করছেন এই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, কিছুদিন আগে শ্যামলী পরিবহনের একজন মিস্ত্রি খুন হয়েছিলেন। তা নিয়ে কর্মীদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর আপিলে ফাঁসি বহাল থাকার প্রতিবাদে বুধবার সারা দেশে হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।
হরতাল চলাকালে বাসে অগ্নিসংযোগের ঘটনায় পরিবহন শ্রমিক ও যাত্রীদের মধ্যে অনেকটাই আতংক ছড়িয়ে পড়েছে।