Sylhet Today 24 PRINT

কক্সবাজারে নাজিরাটেক পয়েন্টে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ১

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মার্চ, ২০১৬

কক্সবাজারে বঙ্গোপসাগর উপকূল এলাকায় একটি বেসরকারি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হবার ঘটনায় পাইলটের লাশ পাওয়া গেছে। এছাড়াও উদ্ধার হওয়া আরেকজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস কর্মীরা বিধ্বস্ত বিমান থেকে গুরুতর আহত অবস্থায় পাইলটসহ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা বিমানের পাইলটকে মৃত ঘোষণা করেন। অন্যজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিধ্বস্ত ওই বিমানের অপর দুই আরোহী এখানো নিখোঁজ। তাদের খুঁজে পেতে  উদ্ধারে নেমেছে নৌবাহিনী। ঢাকায় নৌ সদর দফতর থেকে জানানো হয়েছে এরই মধ্যে দুটি জাহাজ ও একটি এয়ারক্র্যাফট এই উদ্ধার অভিযানে গেছে। নিহত পাইলটসহ বিমানের চার আরোহীর সবাই রাশিয়ান নাগরিক বলে জানা গেছে।   

বুধবার (০৯ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে কক্সবাজারের নাজিরাটেক সমুদ্র পয়েন্টে ট্রু-এভিয়েশনের একটি চিংড়ির পোনাবাহী কার্গোবিমান বিধ্বস্ত হয়। এতে পাইলট ক্যাপ্টেন গোফরে (৪৮) নিহত হন। আহত হন অপর কো-পাইলটের নাম পেট্রো ভিবেন (৪৫)।  ট্রু অ্যাভিয়েশন পরিচালিত বিমানটি চিংড়িপোনা নিয়ে কক্সবাজার থেকে যশোর যাচ্ছিল।

কক্সবাজার বিমানবন্দরের কর্মকর্তা সাধন কুমার মোহন্ত  জানান, সকাল সোয়া ৯টার দিকে রানওয়ে থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর বিমানটি সাগরের নাজিরাটেক পয়েন্টে বিধ্বস্ত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.