Sylhet Today 24 PRINT

ইডেন কলেজের ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক |  ১০ মার্চ, ২০১৬

রাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে শাপলা পারভিন (২৪) নামে ইডেন কলেজের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় ওই ছাত্রী লাশ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, শাপলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে তার পরিবারের সদস্যদের ধারণা, কেউ মেরে ঝুলিয়ে রাখতে পারে। তবে কি কারণে তাকে কেউ হত্যা করতে পারে সে ব্যাপারে কিছু বলতে পারেননি তারা।

ওয়ারী থানার এসআই মোয়াজ্জেম হোসেন জানান, ওয়ারীর ২৭/১ ভজহরি স্ট্রিটে একটি ভবনের ৬ষ্ঠ তলায় এমরান হোসেনের বাসায় সাবলেট থাকতেন শাপলা। তার সঙ্গে আরও দুই তরুণী থাকেন। তিনি ইডেন কলেজের সমাজবিজ্ঞানে মাস্টার্সের ছাত্রী।

বুধবার সন্ধ্যায় এসআই মোয়াজ্জেম খবর পেয়ে ওই বাসায় গিয়ে দেখেন টয়লেটের দরজা ভেতর থেকে লাগানো। তবে সেটি উপর দিক দিয়ে বাইরে থেকে খোলা যায়। তিনি দরজা খুলে দেখতে পান, ভেন্টিলেটরের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় ওই তরুণী ঝুলছে।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের এ কর্মকর্তার ধারণা, শাপলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত রিপোর্টের পর এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

শাপলার চাচা মিঠুন মিয়া বলেন, আমার ধারণা তাকে কেউ মেরে ঝুলিয়ে রেখেছে। তার বাবার নাম আমিনুল মিয়া। তাদের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা থানার টোনারচর গ্রামে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.