ডেস্ক রিপোর্ট | ১৩ মার্চ, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় রাজাকার দেলোয়ার হোসেনের নামে করা একটি সড়কের নামকরণ বাতিলের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
রোববার (১৩ মার্চ) বেলা ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় রাজাকার দেলোয়ার হোসেনের ছেলেকে আওয়ামী লীগ থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন না দেওয়ার দাবি জানান মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।
কর্মর্সূচিতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যরাসহ, জেলা ও অাশপাশের কয়েকটি উপজেলার মুক্তিযোদ্ধারা পরিবারের সদস্যদের নিয়ে অংশ নেন।
বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার তারা মিয়ার সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন-অর-রশিদ।
জেলা সংসদের ডেপুটি কমান্ডার গাজী রতন মিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সরাইল উপজেলা কমান্ডার ইসমত অালী, অাখাউড়া উপজেলা কমান্ডার অাবু সায়েদ, ব্রাহ্মণবাড়িয়া পৌর কমান্ডার অাব্দুল বাছির, বিজয়নগর উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার মো. ফরিদ, চান্দুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধার স্ত্রী ডলি রাণী দাস, মুক্তিযোদ্ধার সন্তান রুপা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, নবগঠিত বিজয়নগর উপজেলা সদরের মির্জাপুর-খাদুরাইল সড়কটি চিহ্নিত রাজাকার দেলোয়ার হোসেনের নামে করা হয়েছে।
অচিরেই এই সড়ক কোনো শহীদ মুক্তিযোদ্ধার নামে করতে হবে।