Sylhet Today 24 PRINT

দুই সন্তান হত্যায় অনুতপ্ত নই, ভারমুক্ত হয়েছি

সিলেটটুডে ডেস্ক |  ১৩ মার্চ, ২০১৬

রাজধানীর রামপুরায় দুই সন্তান হত্যার ঘটনায় মা মাহফুজা অনুতপ্ত নন বরং ভারমুক্ত হয়েছেন। মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি)  জিজ্ঞাসাবাদে এমনটা স্বীকারোক্তি দিয়েছেন বলে জানিয়েছেন সংস্থাটির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, ‘আমরা মূলত তিনটি পয়েন্ট ধরে জিজ্ঞাসাবাদ করেছি। প্রথমত রক্তে মাংসে গড়া একজন মানুষ হিসেবে। দ্বিতীয়ত এমন কোনো ঘটনা ঘটেছিল কিনা যা দেখে ফেলায় সন্তানদের হত্যা করা হতে পারে এবং শেষ পয়েন্টটি হল তিনি অন্য কারো দায় নিজের কাধে নিচ্ছেন কিনা।’

মনিরুল ইসলাম জানান, মা মাহফুজা বলেছেন, ‘আমি আমার সন্তানদের হত্যায় অনুতপ্ত নেই। তাদের হত্যা করায় আমি এখন ভারমুক্ত। তবে মাঝে মাঝে খারাপ লাগে, তাদের মনে পড়ে।’

মনিরুল ইসলাম জানান, মা মাহফুজা জটিল মানসিক অবস্থায় হঠাৎ করেই এ কাজটি করেছেন। পূর্ব পরিকল্পিত বা কোনো সিদ্ধান্ত নিয়ে এ হত্যাকাণ্ড ঘটাননি। তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন।

তিনি বলেন, ‘বিশ্বে এ ধরনের ঘটনা বিরল হলেও অসম্ভব কিছু নয়, ঘটতে পারে। বিশ্বে এমন ঘটনা আগে ঘটেছে, বাংলাদেশেও ঘটেছে।’

গত ২৯ ফেব্রুয়ারি বনশ্রীর ৪ নম্বর রোডের ৯ নম্বর বাড়ির পঞ্চম তলার ফ্লাটে দুই ভাই-বোন ভিকারুন-নিসা-নূন স্কুল অ্যান্ড কলেজের সিদ্ধেশ্বরী শাখার মনিং শিফটের সি গ্রুপের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান অরণি (১৪) ও হলি ক্রিসেন্ট ইন্টান্যাশনাল স্কুলের নার্সারির শিক্ষার্থী আলভি আমানের (৬) মর্মান্তিক মৃত্যু হয়। প্রথমে খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যুর কথা বলা হলেও লাশের ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধে খুনের আলামত পাওয়া যায়। এরপর আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে মা স্বীকার করেন ছেলে-মেয়ের লেখাপড়া নিয়ে দুশ্চিন্তা থেকে তিনি নিজের দুই সন্তানকে খুন করেছেন। আরো জিজ্ঞাসাবাদের জন্য মা মাহফুজা ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। কিন্তু তেমন কোনো অগ্রগতি না হওয়ায় মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.