Sylhet Today 24 PRINT

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মার্চ, ২০১৬

জাতীয় পরিচয়পত্রের সাথে আঙুলের ছাপ মিলিয়ে নিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধন কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগির হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ সোমবার (১৪ মার্চ) এ রুল জারি করেন। এক আবেদনের প্রেক্ষিতে এই রুল জারি করা হয়েছে বলে জানা যায়।

আঙুল ছাপ সংরক্ষণ করলে সমস্যা হতে পারে এমন বিতর্কের মধ্যে  গত ৬ মার্চ  ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছিলেন আঙুলের ছাপ সংরক্ষণ করা হচ্ছে না।

প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছিলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে আঙুলের যে ছাপটি নেওয়া হয় সেটা একটি বাইনারি ডিজিটাল কোড। এটা কোনোভাবে অন্য কোথাও ব্যবহার করা যায় না। মোবাইল অপারেটরদের বায়োমেট্রিক সিম নিবন্ধন যন্ত্রে আঙুলের ছাপ সংরক্ষণেরও কোনো ব্যবস্থা নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.