Sylhet Today 24 PRINT

গভর্নর আতিউরের পদত্যাগ

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মার্চ, ২০১৬

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে পদত্যাগ করেছেন ড. আতিউর রহমান।

হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের আট কোটি ডলার লোপাটের প্রেক্ষাপটে গভর্নরের পদ ছাড়তে হলো এ অর্থনীতিবিদকে।

বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে মঙ্গলবার (১৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র দেন।

মঙ্গলবার সকালে গুলশানে নিজের বাসায় কয়েকজন সাংবাদিককে আতিউর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী চাইলে’ তিনি পদত্যাগের জন্য প্রস্তুত আছেন। এছাড়াও তিনি দেশবাসীর কাহে অনুরোধ জানিয়ে বলেন, আমাকে ভুল বুঝবেন না।

ড. আতাউর বলেন, 'আমি এ দেশের মাটির মানুষ। আমি সাত বছর ধরে গভর্নরের দায়িত্ব পালন করে আসছি। এ সময় আমি চেষ্টা করছি দেশের ব্যাংকি খাতকে এগিয়ে নিতে। আমি সাধারণ মানুষ এমনকী পথশিশুদের ব্যাংকি সুবিধার মধ্যে নিয়ে এসেছি।'

“আমি অপেক্ষা করছি, প্রধানমন্ত্রী কী বলেন। আমি পদত্যাগ করলে যদি বাংলাদেশ ব্যাংকের ভালো হয়, দেশের ভালো হয়, তাহলে পদত্যাগ করতে আমার দ্বিধা নাই। আমি পদত্যাগপত্র লিখে বসে আছি। প্রধানমন্ত্রী বলার সঙ্গে সঙ্গে আমি পদত্যাগ করব।”

এর আগে সোমবার (১৪ মার্চ) আইএমএফের একটি সম্মেলনে অংশ নিয়ে দিল্লি থেকে ঢাকা ফিরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে যান। কিন্তু দীর্ঘ আড়াই ঘণ্টা অপেক্ষা করে প্রধানমন্ত্রী সাক্ষাৎ না দেওয়ায় এবং এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশ ব্যাংকে পরিচালনা পর্ষদে পরিবর্তনের ঘোষণা দেওয়ায় গভর্নরের পদত্যাগ অথবা অপসারণ নিশ্চিত ছিল।

সম্প্রতি নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০০ মিলিয়ন ডলার বা প্রায় ৮০০ কোটি টাকা চুরি হয়। পরে জানা যায়, এর মধ্যে ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের আরবিসি ব্যাংকের একটি শাখার ৫টি অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে। এ অর্থ পরে ফিলিপাইনের তিনটি ক্যাসিনো হয়ে হংকং-এ চলে গেছে।

বিশ্বের ইতিহাসে অন্যতম বড় এ ব্যাংক চুরির ঘটনা আলাদাভাবে তদন্ত করছে বাংলাদেশ ব্যাংক। তদন্তে সহায়তা করছে সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ইনফরম্যাটিক্স ও ফায়ারআই। সহায়তার প্রস্তাব দিয়েছে এফবিআই ও মার্কিন বিচার বিভাগ।

ফিলিপাইনের ডেইলি ইনকোয়ারারে ২৯ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার লোপাটের খবর এলে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার ঝড় ওঠে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.