সিলেটটুডে ডেস্ক | ১৯ মার্চ, ২০১৬
নিখোঁজের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহার কোন খোঁজ মেলেনি। অসহায় হয়ে পড়া তার পরিবার পাশে পাচ্ছেন না কাউকেই।
জোহার স্ত্রী ডা. কামরুন নাহার জানিয়েছেন পুলিশ সাধারণ ডায়েরি নেয় নি। জোহার নিখোঁজের পর তার মা মাকসুদা হাসান বারবার মূর্ছা যাচ্ছেন। অসহায় স্ত্রী-সন্তানরা স্তব্ধ হয়ে বসে আছেন। তাদের চাওয়া জোহাকে গ্রেপ্তার করা হলেও যেন জানানো হয়।
নিখোঁজ হওয়ার পর কলাবাগান, কাফরুল, ক্যান্টনমেন্ট থানায় অভিযোগ নিয়ে গেলেও জানানো হয় অপহরণের ঘটনা ভাসানটেক থানা এলাকায় ঘটেছে ।
এ বিষয়ে চাচা বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপ মহাপরিচালক মাহবুবুল আলম বলেন, “আমরা খোঁজ খবর নিয়ে জেনেছি অপহরণের ঘটনাটি ভাষানটেক থানা এলাকায় ঘটেছে। শনিবার ওই থানায় গিয়ে অভিযোগ করা হবে।”
দীর্ঘদিন দেশের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে প্রযুক্তিগত সহায়তা দিলেও জোহার নিখোঁজের পর তারাও সম্পূর্ণ নীরব।
সরকারের আইসিটি বিভাগের সাইবার সিকিউরিটি ফোকাল পয়েন্টের কর্মকর্তা পরিচয়ে সম্প্রতি রিজার্ভ চুরির তদন্তের নানা বিষয়ে তানভীর গণমাধ্যমে কথা বলছিলেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির তদন্তের মধ্যে আলোচনায় উঠে আসেন তিনি। এরপর বুধবার মধ্যরাতে ক্যান্টনম্যান্ট এলাকা থেকে লাপাত্তা হয়ে যান তিনি।
বুধবার মধ্যরাত থেকে তানভীরের কোনো খোঁজ পাচ্ছেন না পরিবারের সদস্যরা।
তানভীরের স্ত্রী ডা. কামরুন নাহার বৃহস্পতিবার জানিয়েছিলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে তার সঙ্গে তানভীরের শেষ কথা হয়েছে। তখন তিনি বলেছিলেন, বাসার পথে রয়েছেন। তবে রাত ১২টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
ইয়ামিন নামে তানভীরের এক বন্ধু জানিয়েছেন, তাকেসহ তানভীরকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা তুলে নিয়েছিল। পরে তাকে ছেড়ে দিলেও তানভীরকে নিয়ে চলে যায়।