Sylhet Today 24 PRINT

চিকিৎসা বিজ্ঞানের কাজে অভিজিৎ রায়ের দেহদান

বিজ্ঞান বিষয়ক প্রখ্যাত লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা সম্পাদক অভিজিৎ রায়ের ইচ্ছা অনুযায়ী তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দান করার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার

নিজস্ব প্রতিবেদক |  ২৭ ফেব্রুয়ারী, ২০১৫

বিজ্ঞান বিষয়ক প্রখ্যাত লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা সম্পাদক অভিজিৎ রায়ের ইচ্ছা অনুযায়ী তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দান করার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার, যাকে বইমেলা থেকে ফেরার পথে জঙ্গি কায়দায় হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করেছে ধর্মীয় উগ্রবাদীরা ।

অভিজিতের পিসতুতো (ফুফাতো) ভাই বিষ্ণু রায় শুক্রবার এ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, “মৃত্যুর পর নিজের মৃতদেহ মেডিকেলের ছাত্রছাত্রীদের গবেষণার কাজে দান করার ইচ্ছা ছিল অভিজিৎ দা’র। তার সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে পরিবারের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এ বিষয়ে অভিজিৎ রায়ের বন্ধু সুহৃদরা বলেন, মানুষের জন্য লিখেছেন অভিজিৎ , মানুষের কল্যানের জন্য তাঁর কলম কথা বলেছে , অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে চেয়েছেন স্বদেশের পিছিয়ে পড়া মানুষকে । কাজেই তাঁর মরদেহও যে মানুষেরই কাজে লাগবে এটাই স্বাভাবিক ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় টিএসটি মোড়ে কয়েকজন যুবক দেশীয় অস্ত্র দিয়ে অভিজিৎ ও বন্যাকে কুপিয়ে পালিয়ে যায় । হাসপাতালে নেয়ার পথেই মারা যান অভিজিৎ । তাঁর স্ত্রী লেখক বন্যা আহমেদ আশঙ্কাজনক অবস্থায় স্কয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষনে রয়েছেন ।

এদিকে এই হত্যার ঘটনায় ধর্মীয় উগ্রবাদীদের দায়ী করে অজ্ঞাতদের নামে মামলা করেছেন অভিজিৎ রায়ের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক অজয় রায় । বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের খুনের ঘটনার ইতিমধ্যে সারাদেশ ব্যাপী তীব্র প্রতিবাদ হয়েছে । 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.