নিজস্ব প্রতিবেদক | ২৭ ফেব্রুয়ারী, ২০১৫
প্রখ্যাত বিজ্ঞান লেখক অভিজিৎ হত্যার খবর ও প্রতিবাদের খবর ফলাও করে প্রকাশ করেছে- দি গার্ডিয়ান, সিডনি মরনিং হেরাল্ড, বিবিসি, এনডিটিভি সহ বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যম।
দি গার্ডিয়ান অভিজিৎ রায়ের হত্যার প্রতিবাদের মশাল মিছিলের ছবি দিয়ে লিখেছে- "বাংলাদেশী বংশদ্ভোত প্রখ্যাত নিরিশ্বরবাদী মার্কিন ব্লগারকে কুপিয়ে খুন"
সে খবরে লেখা হয়েছে , সস্ত্রীক অভিজিৎ রায়কে হামলা করে ধর্মীয় উগ্রবাদীরা ।
অস্ট্রেলিয়ার শীর্ষ গণমাধ্যম - সিডনি মরনিং হেরাল্ড শিরোনাম করেছে- বাংলাদেশে মার্কিন নিরিশ্বরবাদী ব্লগারকে কুপিয়ে খুন । অভিজিৎ হত্যার প্রতিবাদের ছবি দিয়ে এই সংবাদে অভিজিৎ রায়ের লেখালেখির মাধ্যম ও তাঁর লেখালেখির কারনে ধর্মীয় উগ্রবাদীদের হুমকির কথা উল্লেখ্য করা হয় ।
বৃটিশ গণমাধ্যম বিবিসি শিরোনামে লিখেছে- "মার্কিন-বাংলাদেশী ব্লগারকে কুপিয়ে হত্যা " । এই সংবাদেও অভিজিৎ রায়ের লেখালেখি , বিজ্ঞান গবেষনা ও সাম্প্রদায়িকতা বিরোধী কার্যক্রমের কথা উল্লেখ্য করে ধর্মীয় উগ্রবাদীদের প্রসঙ্গ টানা হয়েছে । ভারতের অন্যতম শীর্ষ গণমাধ্যম এনডিটিভি অভিজিৎ রায় হত্যার প্রতিবাদের খবর ফলাও করে প্রকাশ করে ঘটনার বর্ননা করেছে । তারা লিখেছে মুক্তচিন্তাবিদ ও বিজ্ঞান গবেষক অভিজিৎ রায়কে ধর্মীয় উগ্রবাদীরা হত্যা করলে প্রতিবাদে নেমেছে বাংলাদেশের ছাত্র-শিক্ষক ও সংস্কৃতিকর্মীরা ।
এছাড়াও বিশ্বের আরও বেশ কয়েকটি গণমাধ্যমে অভিজিৎ রায়ের নৃশংস হত্যার খবর গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে ।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র প্রবাসী বিজ্ঞান গবেষক , মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠা সম্পাদক অভিজিৎ রায়কে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় একুশে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি'র কাছাকাছি স্থানে স্বস্ত্রীক কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা । হাসপাতালে নেয়ার পথে মারা যান ধর্ম ব্যবসায়ী ও উগ্র সাম্প্রদায়িকদের বিরুদ্ধে সোচ্চার অভিজিৎ । তাঁর স্ত্রী ও লেখক রাফিদা আহমেদ বন্যা এখনও আশঙ্কাজনক অবস্থায় স্কয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষনে রয়েছেন ।
এদিকে এই হত্যাকান্ডের ঘটনায় অভিজিতের বাবা অজয় রায় বাদি হয়ে শাহবাগ থানায় অজ্ঞাতদের নামে মামলা করেছেন। তিনি এই ঘটনায় ধর্মীয় উগ্রবাদীদের দায়ী করে বলেছেন , এদের মদদ দিচ্ছে জামায়াত ।
সর্বশেষ খবর অনুযায়ী অভিজিৎ রায়কে খুনিদের ধরতে পারেনি পুলিশ । সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আনসার বাংলা -৭ নামের একটি আইডি হত্যার দায় স্বীকার করে একটি পোষ্ট করলে পুলিশ সেটিও আমলে নিয়েছে বলে জানা গেছে । অভিজিৎ রায় এর মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে রাখার পর তাঁর ইচ্ছা অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে দান করা হবে ।