Sylhet Today 24 PRINT

তনু হত্যার প্রতিবাদে চট্টগ্রামে ‘মোমবাতি মিছিল’

চট্টগ্রাম থেকে তোফাজ্জেল অভি  |  ২৬ মার্চ, ২০১৬

তনু হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম নগরীতে মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

স্বাধীনতা দিবসের দিন আজ শনিবার (২৬ মার্চ)  মোমবাতি হাতে তরুণ তরুণীরা মিছিল সহকারে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জামালখান প্রেস ক্লাব এসে থামেন।

মোমবাতি মিছিলের  অন্যতম আয়োজক সুজন কান্তি দে বলেন,  " আমরা শুধুমাত্র তনু হত্যার বিচার চাইতে আসিনি, আমাদের সমবেত হওয়ার লক্ষ্য সকল নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ,  আমরা সকল ধর্ষকের সর্বনিম্ন শাস্তি মৃত্যুদণ্ড চাই।  

তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, আমাদের এই আয়োজন কোন সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত হয়নি ,উদ্যোগ ছোট হলেও আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি ধর্ষক নিপীড়কদের বিরুদ্ধে আমরা জেগে আছি "।

মিছিলে উপস্থিত অনলাইন এক্টিভিস্ট হিল্লোল দত্ত বলেন, "আমাদের মৌনতা, উদাসীনতা, দায়িত্বজ্ঞানহীনতা, নির্লজ্জতা, ধ্বংসমুখিনতা, ভোগসুখবাদের স্বেচ্ছাকবর ছেড়ে বেরিয়ে আসার সময় পেরিয়ে যাচ্ছে। তরুণদের আজকের প্রতিবাদ সেই বাংলার প্রতিবাদী প্রাণের উন্মুখর উন্মেষের যুগচিহ্ন। শাসকদের নিপীড়কদের বাঁচানোর নীরব চেষ্টা এই প্রতিবাদের আঘাতে ভেসে যাক। জনতার জয় হোক, নারীনিপীড়কদের শাস্তি হোক, বন্ধ হোক ধর্ষণের মহোৎসব। আজকের সমাবেশ সেই ডাক দিয়েছে। সচেতন দেশবাসী সেই ডাক যত দ্রুত শুনবেন, তাঁদের প্রিয়জন ততই নিরাপদ থাকবেন। "

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফারিয়া বলেন, "এখন আর মিছিল স্লোগানে প্রতিবাদ জানানোর সময় নেই, এখন সময় প্রতিরোধের, নারীদের এখন তাদের নিরাপত্তার জন্য কারও মুখের দিকে তাকিয়ে থাকার সময় নেই,  নিজেদের নিরাপত্তার ব্যবস্থা এখন তাদের নিজেদেরই করতে হবে।"

স্লোগানে স্লোগানে উপস্থিত সবাই  ধর্ষক নিপীড়ক দের হুশিয়ারি জানান, তারা ধর্ষকদের এই সমাজ ভেঙ্গে নতুন সমাজ গড়ে তোলার দাবি জানান। মিছিলের আয়োজকরা আগামীকাল রবিবার  প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সবাইকে উপস্থিত থাকার আহবান জানিয়ে মিছিল পরবর্তী সমাবেশ শেষ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.