Sylhet Today 24 PRINT

তনু হত্যা: ৩০ মার্চ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এক ঘণ্টা ক্লাস বন্ধ রাখার আহ্বান

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মার্চ, ২০১৬

তনু হত্যার বিচারের দাবিতে ৩০ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এক ঘণ্টা ক্লাস বর্জন এবং মানববন্ধনের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ। ধর্ষণ-হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সোচ্চার গণজাগরণ মঞ্চ রোববার রোডমার্চ কর্মসূচি শেষে কুমিল্লার কান্দিরপাড়ের সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করে।

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে উঠা গণজাগরণ মঞ্চের এবারের দাবি ধর্ষণকারীর ফাঁসি।

কুমিল্লার সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জানাতে রোববার সকাল ১০ টায় শাহবাগ থেকে রোডমার্চ শুরু করে গণজাগরণ মঞ্চ। বেলা ৫ টায় রোডমার্চ পৌঁছে কুমিল্লার কান্দিরপাড়ে। সেখানে শুরু হয় সমাবেশ। সমাবেশে যোগ দেয় তনুর সহপাঠিসহ অনেকেই।

পরে বক্তব্য দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

ইমরান বলেন, ‘সোহাগী জাহান তনুর ধর্ষক ও খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ৩০ মার্চ বুধবার সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বেলা ১২টা থেকে এক ঘণ্টা বন্ধ থাকবে’।

এই কর্মসূচিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সাড়া দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন ‘এই এক ঘণ্টায় সারাদেশের সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে বিচারের দাবিতে মানববন্ধন করবেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.