Sylhet Today 24 PRINT

চাইলে এখনই সাইফুরস ভেঙে-গুঁড়িয়ে দিতে পারি: শিক্ষামন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মার্চ, ২০১৬

‘হ্যাকার তৈরিতে উদ্বুদ্ধ করে’ বিজ্ঞাপন প্রচার করা সাইফুরস কোচিং সেন্টারের বিচার করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষামন্ত্রী বলেন, ‘চাইলে এখনই একদল ছাত্র নিয়ে ভেঙে-গুঁড়িয়ে দিতে পারি। কিন্তু আমরা সে পথে যাবো না। প্রতিষ্ঠানটির প্রধানকে আইনের আওতায় এনে বিচার করা হবে।’

মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে শিক্ষা বিষয়ক অনলাইন কনটেন্ট শেয়ারিং পোর্টালের (www.edutube.bd) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাইফুরস কোচিং সেন্টারের উদাহরণ টেনে শিক্ষামন্ত্রী বলেন, ‘সাইফুর নামে একজন টিচার ছিলেন, তার নামেই এমন রমরমা ব্যবসা। হাইকোর্টের রায় অনুযায়ী কোচিং সেন্টারটি বেআইনি। আমরাই বেআইনি করেছি। কিন্তু আমার তো শক্তি নাই। তবে এখনই চাইলে একদল ছাত্র নিয়ে ভেঙে-গুঁড়িয়ে দিতে পারি। কিন্তু আমরা সে পথে যাবো না। হাইকোর্ট রায় দিলেও পারি না।’

কোচিং সেন্টারটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষাসচিবকে নির্দেশ দেওয়ার কথা উল্লেখ করে বিজ্ঞাপনটি পড়ে শোনান মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এটা সমাজ! তিনি নাকি শিক্ষক ছিলেন, ব্যবসা করার জন্য ছেলে-মেয়েদের প্রলোভন দেখাচ্ছেন, ভালো হ্যাকার হতে পারবে, ইংলিশ শিখলে আসো আমার কাছে, শেখো। আমরা মামলা করছি, আপনাদের কাছে প্রতিক্রিয়িা জানতে চাই।’

তিনি আরও বলেন, ‘শুধু জ্ঞান অর্জন করলে হবে না, ভালো মানুষ হতে হবে। জনগণের প্রতি দরদী হতে হবে। তবেই সে জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, দেশের উন্নয়নে যাবে, নিজেও স্বার্থক হবে। না হলে সে চোর হবে, ধরা পড়বে, সর্বনাশ হবে, আল্টিমেটলি বাঁচতে পারবে না।’

নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষা, জ্ঞান, প্রযুক্তি-দক্ষতা অর্জন করে ভালো মানুষ হয়ে ওঠার আহ্বান জানান মন্ত্রী।

অনুষ্ঠানে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নীলুফার আহমেদ, এথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেডের (ইএটিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএ মুবিন খান উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.