Sylhet Today 24 PRINT

মহিউদ্দিন না নাছির, এ তর্কে ছাত্রলীগ নেতা খুন!

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মার্চ, ২০১৬

নগরীর বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে সোহেল আহমেদ (২৪) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। মূলত ক্যাম্পাসের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি কে হবেন তা নিয়ে বিরোধেই এ সংঘর্ষ বাধে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দামপাড়া ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সোহেলের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দামপাড়া ক্যাম্পাসে বিবিএ’র ৩১তম ব্যাচের ফ্রেশার্স প্রোগ্রাম উপলক্ষে মহড়া ছিল আজ (২৯ মার্চ)। এ অনুষ্ঠানে প্রধান অতিথি নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী না সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন হবেন তা নিয়ে বিরোধ চলছিল।

এ নিয়ে দুপুর দেড়টার দিকে নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর অনুসারি এম ই এস কলেজ ছাত্রলীগ নেতা ওয়াসিম গ্রুপের কর্মীদের সাথে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন সমর্থিত ছাত্রলীগ কর্মীদের কথা কাটাকাটি হয়। এসময় দু’পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সোহেল আহমেদসহ আরো দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।

এদিকে চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। অভিযান চালিয়ে পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.