Sylhet Today 24 PRINT

ব্লগার বাবু হত্যার এক বছর, শুরু হয়নি বিচার

নিজস্ব প্রতিবেদক |  ৩০ মার্চ, ২০১৬

গত বছরের (২০১৫)  ৩০ মার্চ রাজধানী ঢাকায় কর্মস্থলে যাওয়ার পথে উগ্রবাদীদের হামলায় খুন হন ব্লগার ওয়াশিকুর রহমান বাবু। প্রকাশ্যে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় সেদিন। এই নৃশংস খুনের এক বছর হলেও বিচার কাজ এখনো শুরু হয়নি।

বাবুকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় তিন খুনিদের মধ্যে দুই খুনি জিকরুল্লাহ ও আরিফুলকে ধাওয়া করে ধরে ফেলেন জনতা। বিশেষ করে তৃতীয় লিঙ্গের একজন মানুষের অসম সাহসিকতায় খুনিদের ধরা সম্ভব হলেও পালিয়ে যাওয়া অপর খুনির এখনো কোন হদিস দিতে পারেনি পুলিশ। খুনি জিকারুল্লাহ ও আরিফুল দুজনেই মাদ্রাসা ছাত্র।

গত বছরের এই দিনে (৩০ মার্চ) সকাল সোয়া ৯টায় তেজগাঁও বেগুন বাড়ির বাসা থেকে বেরিয়ে দিপীকা মসজিদ গলি দিয়ে অফিসে যাচ্ছিলেন বাবু। হঠাৎ তাকে ঘিরে ফেলে খুনিরা, এলোপাতাড়ি চাপাতির আঘাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যার পর এটি ছিল ওই বছরের ধারাবাহিক দ্বিতীয় খুন।

গত বছরের ৯ সেপ্টেম্বর বাবুকে হত্যার অভিযোগে ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছিল গোয়েন্দা পুলিশ। অভিযুক্তরা সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য বলে জানিয়েছিলেন গোয়েন্দারা। তবে এরপর মামলাটির তেমন কোন অগ্রগতি হয়নি। ধরা পড়েনি হত্যাকাণ্ডে অংশ নেয়া অপর খুনি। বিচার কাজ শুরু হবারও কোন তৎপরতা নেই।


পেশাগত জীবনে বাবু মতিঝিলের ফারইস্ট এভিয়েশন নামের একটি ট্র্যাভেল এজেন্সিতে প্রশিক্ষক হিসেবে চাকুরিরত ছিলেন।
 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.