Sylhet Today 24 PRINT

আমি কোনো দোষ করিনি, তারপরও আমি কি পদত্যাগ করি নাই: প্রশ্ন সুরঞ্জিতের

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মার্চ, ২০১৬

দুই মন্ত্রীর উচ্চ আদালতে অভিযুক্ত হওয়ার ঘটনায় বর্তমান সরকারের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।

বুধবার (৩০ মার্চ) জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিং-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অভিযুক্ত হওয়া মন্ত্রীদের পদত্যাগ করা উচিৎ কিনা জানতে চাইলে তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেন, ‘আমি এ বির্তকে জড়াতে চাই না। তবে রাষ্ট্র ও সমাজের কাছে নৈতিকতার দিক থেকে সকলেই দায়বদ্ধ। আমার প্রাইভেট সেক্রেটারি কী করেছে? তার টাকার লোভ ছিলো। আমি তো কোনো দোষ করিনি। তারপরও আমি কি পদত্যাগ করি নাই?’

সুরঞ্জিত বলেন, ‘নির্বাহী বিভাগে কাজ করতে গেলে অন্যায় কাজ করা চলবে না।  আইন পাস করতে গেলে বেআইনী কিছু তো করতে পারবো না। বিচার হতে গেলেও ন্যায় বিচার হতে হবে।’

প্রধান বিচারপতির প্রতি ইঙ্গিত করে তিনি আরো বলেন, ‘তুমি বিচারক হয়েছো।  তোমার কাছে দুই মন্ত্রী গিয়ে বললো, আমাদের মাফ করে দাও। প্রধানবিচারপতি বললেন না, ৫০ হাজার টাকা করে জরিমানা। এটা হলো?’
 
সুরঞ্জিত আরো বলেন, ‘রাষ্ট্র ও সামাজের কাছে নৈতিকভাবে সবাই দায়বদ্ধ। রাষ্ট্রই হচ্ছে আমাদের সমাজের নীতি-নৈতিকতা ও চিন্তা চেতনার আঁধার।’

এর আগে জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে আলোচনা শেষে সংসদ সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর লক্ষ্যে সংসদে উত্থাপিত বিলটি ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়।

কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, মো. তাজুল ইসলাম চৌধুরী, সাহারা খাতুন, মো. শামসুল হক টুকু, তালুকদার মো. ইউনুস ও সফুরা বেগম উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে চিফ হুইপ আ স ম ফিরোজ ও ড. মহীউদ্দীন খান আলমগীর অংশ নেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে ‘স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার (রেমুন্যারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০১৬’ ও ‘মেম্বর অব পার্লামেন্ট (রেমুন্যারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০১৬’ নামের বিল দু’টি পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর মধ্যে একটি বিল পাসের সুপারিশ করা হলেও আরেকটি বিল ফেরত পাঠানো হয়। ওই বিলটি পাসের আগে সংসদ সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি আর সরকারি কর্মকর্তারা জনগণের সেবক সেদিকে লক্ষ্য রেখে ওয়ারেন্ট অব প্রেসিডেন্স এবং সংসদ সদস্যদের সম্মানী ভাতা নির্ধারণের লক্ষ্যে অধিকতর আলোচনার সুপারিশ করা হয়।

এবিষয়ে কমিটির সভাপতি সাংবাদিকদের বলেন, ‘জাতীয় সংসদে উত্থাপিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, হুইপ ও মন্ত্রী পরিষদের সদস্যদের রেমুনারেশন সংক্রান্ত বিল পরীক্ষা-নিরীক্ষা শেষে কমিটি চূড়ান্ত করে পাসের জন্য পাঠিয়েছে। আগামী অধিবেশনেই তা পাস হবে। তবে সংসদ সদস্যদের রেমুনারেশন (ভাতা) সংক্রান্ত বিলটি অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য ফেরত পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এমপিদের ভাতা নির্ধারণ করেই বিলটি চূড়ান্ত করা হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.