Sylhet Today 24 PRINT

তনু হত্যার ঘটনাস্থল কুমিল্লা সেনানিবাসের অরক্ষিত অংশ!

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মার্চ, ২০১৬

ছবি: তনুর ফেসবুক থেকে

কুমিল্লা সেনানিবাসের সব এলাকা সুরক্ষিত নয়, কিছু এলাকায় বাইরের লোকজনও অবাধে যাতায়াত করতে পারে। সোহাগী জাহান তনুর লাশ উদ্ধার হওয়া এলাকাটিও সুরক্ষিত নয় বলে জানিয়েছে সামরিক কর্তৃপক্ষ।

বুধবার (৩০ মার্চ) সাংবাদিকদের ঘটনাস্থল দেখানোর সময় অরক্ষিত থাকার বিষয়টি তুলে ধরে বলা হয়, ওই এলাকায় স্থায়ী সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল।  

তনুর বাসা থেকে বের হয়ে দক্ষিণে অলিপুরের পথ, ওই পথ ধরে একটু গেলেই বামপাশে পাহাড় এবং ডানে ঝোঁপঝাড়।

তিনশ গজ দূরে কোয়ার্টার, যেখানে তনু পড়াতে যেতেন। ওই পথের দুইশ গজের মধ্যে দুই পাশে শুধু ঝোঁপ-ঝাড়। পথে প্রতিটি বৈদ্যুতিক খুঁটিতে লাইট দেখা গেছে। তবে পথটি বেশ নির্জন।

একপাশে পাহাড় রেখে অন্য পাশে (পশ্চিম পাশে) ৩০ গজের মধ্যে কুমিল্লা সেনানিবাসের সীমানা বেড়া (কাঁটাতারের)। তার ওপাশে বুধইর গ্রাম। ওই বেড়ার ফাঁক দিয়ে যে কেউ যাওয়া আসা করতে পারে বলে দেখা গেল। বেড়ার ওপাশে চলাচলের চিহ্ন হয়ে একটি মেঠোপথও বলে এদিক দিয়ে মানুষ চলাচল অবাধে হয়।

সীমানা বেড়ার এই অবস্থার বিষয়ে কুমিল্লা ক্যান্টনমেন্টের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার কাজী শওকত বলেন, আগে কাঁটাতারের বেড়া ছিল সীমানায়। তা বাদ দিয়ে ৬ মাস ধরে স্থায়ী সীমানা করার কাজ চলছে।

১৫ কিলোমিটার সীমান্তের পশ্চিমাংশের প্রায় সাড়ে ৫ কিলোমিটারের বেশিরভাগ স্থানে সীমানা প্রাচীর নির্মাণ শেষ হলেও তনুকে পাওয়ার স্থানটিতে এখনও হয়নি বলে জানান।


সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.