Sylhet Today 24 PRINT

রিজার্ভ চুরি: টাকা পেয়েছেন ‘বন্ধুর মাধ্যমে’, দাবি শালিকার

সিলেটটুডে ডেস্ক |  ০১ এপ্রিল, ২০১৬

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে চুরি যাওয়া অর্থের সঙ্গে শালিকা ফাউন্ডেশনের কোনো যোগসূত্র নেই বলে দাবি করেছেন শ্রীলংকাভিত্তিক সেচ্ছাসেবি ওই এনজিও’র প্রধান হাগোদা গোমেজ শালিকা পেরেরা। রিজার্ভ থেকে চুরি যাওয়া যে ২ কোটি ডলার শ্রীলঙ্কায় পাঠানো হয়েছিল, তা এক ‘বন্ধুর’ মাধ্যমে শালিকা ফাউন্ডেশনের অ্যাকাউন্টে জমা হয়েছিল বলে দাবি করেছেন কথিত সেই বেসরকারি সংস্থার এই প্রধান।

তবে তার কথার মধ্যে অসঙ্গতি পাওয়া যাচ্ছে। যে বন্ধুর মাধ্যমে টাকাটি এসেছিল তিনি এখন তাকেই দোষারোপ করার চেষ্টা করছেন।


বার্তা সংস্থা রয়টার্সের কাছে তিনি দাবি করেছেন, শ্রীলঙ্কায় একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণসহ কয়েকটি প্রকল্পে অর্থায়নের জন্য জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা-জাইকার কাছ থেকে ওই অর্থ তাকে এনে দেওয়ার কথা বলেছিলেন এক বন্ধু। বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া টাকা থেকে ওই অর্থ আনা হয়েছিল কি না- সে বিষয়ে তার কোনো ধারণা নেই।

তিনি বলছেন, ফাউন্ডেশনের ব্যাংক অ্যাকাউন্টে ২০ মিলিয়ন ডলার আসার কথা ছিল। এ নিয়ে তার এক বন্ধুর জাপানের সরকারি উন্নয়ন সংস্থা জাইকার সঙ্গে আলাপ চলছিল। কিন্তু সে অর্থ যে বাংলাদেশের রিজার্ভ চুরির অংশ ছিল সে ব্যাপারে তিনি ঘুনাক্ষরেও কিছু জানতেন না।

কিন্তু বার্তাসংস্থা রয়টার্সের পক্ষ থেকে জাইকার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেছে, শালিকার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এমনকি শালিকাকে টাকা দেয়ার ব্যাপারে অন্য কোনো মাধ্যমে আলোচনা হওয়ার কথাও তারা অস্বীকার করেছেন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে গত ফেব্রুয়ারি ১০১ মিলিয়ন ডলার চুরি যায়। বাংলাদেশ ব্যাংকের সুইফট কোড জালিয়াতি করে এ অর্থ হাতিয়ে নেয়া হয়। ওই অর্থের ৮১ মিলিয়ন ডলার পাঠানো হয় ফিলিপাইনের রিজাল ব্যাংকের মাকাতি সিটির জুপিটার শাখায়। পরে তা ক্যাসিনো হয়ে চীনা ব্যবসায়ী কিম অংয়ের অ্যাকাউন্টে। বাকি ২০ মিলিয়ন যায়  শ্রীলংকার শালিকা ফাউন্ডেশনের ব্যাংক অ্যাকাউন্টে। তবে সংস্থাটির নামের বানানে ভুল থাকায় রাউটিং ব্যাংক তা আটকে দেয় এবং বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ করে। পরে সেই টাকা ফেরত পাঠানো হয়।


বেসরকারি সেচ্ছাসেবি সংস্থা হিসেবে ২০১৪ সালের অক্টোবরে নিবন্ধিত হয় শালিকা ফাউন্ডেশন। নিবন্ধন কাগজপত্রে বলা হয়েছে, নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য কম দামে বাড়ি-ঘর নির্মাণের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে সংস্থাটি।

রিজার্ভ চুরি অভিযোগ উঠার পর জাইকা বলেছে, শ্রীলংকাভিত্তিক সেচ্ছাসেবি সংগঠন শালিকা ফাউন্ডেশনের সঙ্গে তাদের কোনো ধরনের সম্পর্ক নেই। অন্য কোনো মাধ্যমেও তা নেই। জাইকার মুখপাত্র নাউকি নেমতো বলেছেন, ‘আমাদের সঙ্গে আলোচ্য সংগঠনের কোনো ধরনের যোগাযোগ নেই, ঋণ কিংবা অনুদান নিয়েও কোনো ধরনের কথা হয়নি।’

শ্রীলংকার অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তারা এ নিয়ে কোনো মন্তব্য করতে অপারগতা জানিয়েছে। বলেছে, বিষয়টির তদন্ত চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.