Sylhet Today 24 PRINT

প্রতিবন্ধীদের মেধা ও যোগ্যতা প্রকাশের অধিকার দিতে প্রধানমন্ত্রীর আহ্বান

সিলেটটুডে ডেস্ক |  ০২ এপ্রিল, ২০১৬

প্রতিবন্ধীদের মেধা ও যোগ্যতা প্রকাশের অধিকার রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২ এপ্রিল) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবম বিশ্ব অটিজম দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, অটিজমসহ সব ধরনের প্রতিবন্ধী শিশুদেরও বেঁচে থাকার অধিকার আছে। তাদের মেধা ও যোগ্যতা প্রকাশেরও অধিকার আছে। তাদেরকে সে সুযোগ দিতে হবে।

তিনি আরও  বলেন, আমাদের অটিস্টিক শিশু বা প্রতিবন্ধীরা দেশের জন্য সুনাম নিয়ে আসছে। গোল্ড বা রূপা নিয়ে আসছে। ক্রিকেটে ভালো করছে।

প্রতিবন্ধী ব্যক্তিদের কাজের প্রতি একাগ্রতা থাকে অনেক বেশি এবং কর্মক্ষেত্রে তাদের উপস্থিতিও অন্যদের তুলনায় সন্তোষজনক বলে মন্তব্য করে অটিজমসহ সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগের জন্য বেসরকারি সংস্থার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, অটিস্টিক বা প্রতিবন্ধীরা আর কষ্টে থাকবে না। তাদের জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। এটা রাষ্ট্রেরও কর্তব্য। কিন্তু দেখা যায় সরকার পরিবর্তনের সাথে সাথে এসব পদক্ষেপ বন্ধ হয়ে যায়। যেমন কমিউনিটি ক্লিনিকের মতো সেবাকেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছিল।          

তিনি আরও বলেন, তাই এসব বিষয়ে একটা ফান্ড করে দিয়ে যেতে চাই, যাতে এটা আর বন্ধ না হয়। আর একটি দেশকে উন্নত করতে হলে সকলকে নিয়েই করতে হবে। প্রতিবন্ধীদের জীবনও যাতে সুন্দর হয়, সেটাই চাই আমরা।

সকলের সমন্বিত উদ্যোগ ও উপযোগী পরিবেশ অটিজম ব্যক্তিদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, আমি শুভেচ্ছা কার্ড বা বিভিন্ন উপলক্ষে পাঠানো কার্ডগুলোতে ব্যবহৃত চিত্র কিন্তু এই অটিস্টিক শিশুদের নিয়ে করে থাকি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.