Sylhet Today 24 PRINT

খালেদার কার্যালয় তল্লাশি করতে আদালতের নির্দেশ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশির চালানোর জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

সিলেটটুডে ডেস্ক |  ০১ মার্চ, ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশির চালানোর জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। ইতমধ্যে সেই নির্দেশনা পুলিশের কাছে পৌঁছেছে । এদিকে আইনজীবিদের উপস্থিতিতে তল্লাসী করার আহবান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতি ।
রবিবার বিকেলে গুলশান থানার একটি মামলায় এ নির্দেশ দেন ঢাকার সিএমএম আদালত। গুলশান থানার ২৫ (২) ১৫ মামলায় এ আদেশ দেওয়া হয়। তবে এ বিষয়ে দায়িত্বশীল কেউ মুখ খুলছেন না। পাওয়া যায়নি ওই মামলার কোনও নথি। অাদালতের জিআর শাখা, ডেসপাচ শাখা এবং সংশ্লিষ্ট আদালতের কোনও কর্মকর্তা-কর্মচারীও এ বিষয়ে মুখ খুলতে নারাজ।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, গত ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ এবং জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সেই মামলায় খালেদা জিয়ার বাসভবনের ঠিকানা উল্লেখ করা হয়েছে। কিন্তু তিনি সেখানে না থাকায় এবং গুলশানের দলীয় কার্যালয়ে অবস্থান করছেন জানা থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করছে না। এ কারণে আইনগতভাবে খালেদা জিয়ার অবস্থান নির্ণয় ও সেখানে প্রয়োজনে প্রবেশ করে তাকে গ্রেফতারে কোনও বাধা না থাকে, সেজন্য ওই কার্যালয়ে তিনি অবস্থান করছেন মর্মে আদালতে একটি প্রতিবেদন পাঠিয়ে তল্লাশি চালানোর আদেশ প্রার্থনা করেছেন সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা।

এই প্রতিবেদনের ওপর শুনানি শেষে আদালত ওই আদেশ দেন সংশ্লিষ্ট সূত্র জানায়। তবে জিআর, ডেসপাচ, সংশ্লিষ্ট আদালতের কোনও কর্মকর্তা-কর্মচারী বিষয়টি স্বীকার বা অস্বীকার করেননি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৬৩ কার্যদিবসের মধ্যে মাত্র ৭টি দিবস আদালতে হাজির ছিলেন। বুধবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার আবেদনের শুনানিকালে ওই তথ্য প্রকাশ করেন। এদিন এ মামলায় আদালতে হাজির না হওয়ায় বিচারক খালেদা জিয়াসহ মোট তিনজনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। একই মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ৪ মার্চ আদালতে হাজিরা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.