ডেস্ক রিপোর্ট | ০২ মার্চ, ২০১৫
ব্লগার-লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে প্রধান সন্দেহভাজন শফিউর রহমান ফারাবিকে আটক করেছে র্যাব।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে সোমবার (২ মার্চ) সকালে ফারাবিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রুম্মান মাহমুদ। তিনি জানান, দুপুর দুইটায় র্যাব সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ব্লগ ও অনলাইনের বিতর্কিত শফিউর রহমান ফারাবী একাধিকবার প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল দেশে আসলেই তাঁকে হত্যা করা হবে।
অনুসন্ধানে দেখা যায়, গত বছরের ৯ ফেব্রুয়ারি ফারাবী তার ফেসবুক স্ট্যাটাসে অভিজিৎ রায় সম্পর্কে বিদ্বেষ ছড়ানোর পর কমেন্টে লিখেন- “অভিজিৎ রায় আমেরিকা থাকে। তাই তাকে এখন হত্যা করা সম্ভব না। তবে সে যখন দেশে আসবে তখন তাকে হত্যা করা হবে"।
এর আগেও একাধিকবার এবং পরেও সে অভিজিৎ রায় সহ মুক্তচিন্তার সব লেখকদের হত্যার হুমকি দিয়েছিল এবং বর্তমানেও সে ধারা অব্যাহত আছে। ব্লগার থাবা বাবা’র হত্যার পর কোন ইমাম থাবা বাবা’র জানাজার নামাজ পড়ালে তাঁকেও হত্যা করা হবে বলে হুমকি দিয়েছিল।
ব্লগার থাবা বাবা ওরফে ইঞ্জিনিয়ার রাজীব হায়দারের হত্যাকাণ্ডের পর শফিউর রহমান ফারাবীকে গ্রেফতার করা হলেও সে পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে আসে।
বইমেলায় বই প্রকাশ ও প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ রায়-রাফিদা আহমেদ বন্যা দম্পতি গত ১৬ ফেব্রুয়ারি দেশে আসেন। অভিজিৎ পেশায় প্রকৌশলী আর বন্যা চিকিৎসক।
বইমেলায় গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে একটি প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে তারা ফিরছিলেন। পথে টিএসসি মোড়ে রাত সাড়ে ৯টার দিকে সন্ত্রাসীদের হামলায় ঘটনাস্থলেই মারা যান অভিজিৎ। গুরুতর আহত হয়ে বর্তমানে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বন্যা।