Sylhet Today 24 PRINT

মঙ্গল শোভাযাত্রায় মুখোশ হাতে থাকবে, মুখে পরা যাবে না: ডিএমপি

সিলেটটুডে ডেস্ক |  ১১ এপ্রিল, ২০১৬

পহেলা বৈশাখের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রায় নিরাপত্তাজনিত কারণে কেউ মুখোশ পরিধান করতে পারবে না, তবে বিভিন্ন ধরনের মুখোশ হাতে নিয়ে অংশ নেয়া যাবে।

এছাড়া মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন কোম্পানির স্পন্সর করা টি-শার্ট পরেও অংশ নেয় যাবে না।

সোমবার (১১ এপ্রিল) পহেলা বৈশাখের নিরাপত্তার ব্যাপারে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া  বলেন,  সকল ধর্ম বর্ণের মানুষ যাতে নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন সে ব্যাপারে পুলিশ বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।

ঢাকা মহানগর পুলিশের সর্বোচ্চ এই কর্মকর্তা বলেন, পহেলা বৈশাখের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতাধীন থাকবে।  সোহারাওয়ার্দি উদ্যানে প্রবেশ পথে মেটাল ডিটেক্টর দিয়ে নারী ও পুরুষ পুলিশ তল্লাশি চালিয়ে সন্দেহভাজন সনাক্তের কাজ চালাবে।

তিনি বলেন, 'উন্মুক্ত স্থানে বিকেল ৫টার পর সাংস্কৃতিক অনুষ্ঠান চালানো যাবে না, তবে সুরক্ষিত স্থানে সন্ধ্যার পরও সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে দেয়া হবে।' আর ৫টার পরও সাধারণ মানুষ দলবেঁধে  আনন্দ-উৎসব করলে তাদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সহায়তা করবে।

আসাদুজ্জামান মিয়া বলেন, “টিএসসিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, ও ঢাকা শহরের অন্যান্য জায়গায়, সন্ধ্যার পরে হেঁটে বেড়াতে, গল্প করতে, বৈশাখের রঙ-বেরঙের পোশাক পরে জনগণ আনন্দ উৎসব করবে, আমরা পরিপূর্ণ নিরাপত্তা দেব- সেই ক্ষেত্রে কোনো বিধি নিষেধ নাই।”  

যা কিছু নিষেধ
# মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না, তবে চারুকলার তৈরি ঐতিহ্যবাহী মুখোশ হাতে রাখা যাবে।
# পণ্যের বিজ্ঞাপনের জন্যে বিশেষ টি শার্ট পরে মঙ্গল শোভাযাত্রায় যোগ দেওয়া চলবে না।
# বিকাল ৫টার পর উন্মুক্ত স্থানে কোনো ধরনের কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা যাবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.