Sylhet Today 24 PRINT

সুন্দরবনে আবারও অগ্নিকাণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ১৩ এপ্রিল, ২০১৬

মাত্র ১৭ দিনের মাথায় সুন্দরবনে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার আগুন লেগেছে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলি ফরেস্ট ক্যাম্পের কাছে ‘আব্দুল্লাহর ছিলা’ এলাকায়।

বুধবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বনকর্মীরা ওই এলাকায় ধোঁয়া দেখতে পায়। 

বনবিভাগের ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, আগুন লাগার বিষয়টি নিশ্চিত হয়ে বনবিভাগ ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে কিভাবে আগুন লেগেছে বা কি পরিমাণ এলাক জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

এর আগে গত ২৭ মার্চ নাংলি ক্যাম্প এলাকার বনে আগুন লেগে এক একর বনভূমি পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের এলাকা থেকে ফিরে বন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর গ্রামের জুবায়ের কবির জানান, এবারের অগ্নিকাণ্ড আগের বাড়ের চেয়ে বেশ বড় ধরনের।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম বলেন, আমি দুর্ঘটনাস্থলে যাচ্ছি। আগুন নিয়ন্ত্রণে বন বিভাগের পাশাপাশি টাইগার টিম এবং স্থানীয়রা কাজ করছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিটও ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। তারা ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

ফায়ার সার্ভিসের মোরেলগঞ্জ স্টেশনের লিডার গোলাম মোস্তফা জানান, তাদের একটি ইউনিট এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এছাড়া বাগেরহাট থেকে আরও একটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

বিশ্বের সর্ব বৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ এলাকায় প্রায় প্রতিবছরই শুষ্ক মৌসুমে (বসন্তের শেষ ও গ্রীষ্ম শুরুতে) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এ সময় তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এর আগে ২০১৪ সালে চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী ক্যাম্পসংলগ্ন পয়ষট্টি ছিলা এলাকায় বনে আগুন লেগে অন্তত পাঁচ একর বনভূমি পুড়ে যায়। ২০১১ সালে ধানসাগর স্টেশনের নাংলি ক্যাম্প এলাকায় আগুনে পুড়ে যায় দুই একর বনভূমি।

সর্বশেষ চলতি বছরের ২৭ মার্চ আগুন লাগার পর কারণ ও ক্ষয়ক্ষতি অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি কঠোর গোপনীয়তার মধ্যে ৩ এপ্রিল বিভাগীয় বন কর্মকর্তার কাছে সেই তদন্ত প্রতিবেদন জমা দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.