সিলেটটুডে ডেস্ক | ১৩ এপ্রিল, ২০১৬
খুলনার পাটকল শ্রমিকদের আন্দোলন স্থগিত করা হয়েছে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের আশ্বাসের ভিত্তিতে শ্রমিকরা আন্দোলন স্থগিত করে পরবর্তী কর্মদিবসে কাজে ফেরার বিষয়টি জানিয়েছেন।
বুধবার (১৩ এপ্রিল) বিকেলে পাট মন্ত্রণালয়ে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খুলনার ৭টি জুট মিলের ১৪ সদস্যের একটি দল অংশ নেয়।
এতে জানানো হয়েছে, আগামী ২৫ এপ্রিলের মধ্যে শ্রমিকদের সব রকম বকেয়া পরিশোধ করা হবে।
বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুটমিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক সোহবার হোসেন আন্দোলন প্রত্যাহারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (১১ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে পাটকল শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পহেলা বৈশাখের মধ্যে পরিশোধের জন্য অর্থ মন্ত্রণালয়কে ৩০০ কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ৩০০ কোটি টাকাসহ সর্বমোট এক হাজার কোটি টাকা পাট মন্ত্রণালয়কে দিতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অর্থ বরাদ্দের পরও বুধবারও রাজপথ-রেলপথ অবরোধ অব্যাহত রাখেন শ্রমিকরা।
বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুটমিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহ্বানে ৪ এপ্রিল থেকে শ্রমিকদের এ আন্দোলন চলছে।
শ্রমিকদের ধর্মঘটের ৯ দিনে খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত জুটমিলের প্রায় এক হাজার মেট্রিকটন পাটপণ্য উৎপাদন থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)।