Sylhet Today 24 PRINT

দেশবাসীর আনন্দ উদযাপন ভালো লাগছে: প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৪ এপ্রিল, ২০১৬

বাংলা নববর্ষ উদযাপনে দেশবাসীর আনন্দ উদযাপনে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকাল থেকে অনুষ্ঠানগুলো দেখছি। দেশবাসী আনন্দ করছে, দেখে ভালো লাগছে। 

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, বছরটা সুন্দরভাবে শুরু হয়েছে, এটা যেন অব্যাহত থাকে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে গণভবনে আওয়ামী লীগের নেতাকর্মীরা নববর্ষের শুভেচ্ছা জানাতে এলে তাদের উদ্দেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী ।

প্রধানমন্ত্রী বলেন, সবসময়ই দুঃশ্চিন্তায় থাকি, কখন কী ঘটে যায়। আশা করি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা পহেলা বৈশাখ উদযাপন করতে পারবো।

দলের উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আজ আমি নির্দিষ্ট কোনও অনুষ্ঠান রাখিনি। আপনারা যারা এসেছেন তাদের মাধ্যম দেশবাসী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা মুসলবান তার পাশাপাশি বাঙালি জাতি। বাঙালি হিসেবেই আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সে কথা ভুললেও চলবে না। আর পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির উৎসব এই উৎসব উদযাপন দেশের সব ধর্ম-বর্নের মানুষের। 

প্রতিটি দেশ বা জাতি তার নিজস্ব জাতিসত্বা ও ভৌগলিক সীমারেখার দিয়ে পরিচিত হবে, তাতে তার ধর্মীয় পরিচয়ের কোনও বাধা থাকে না। আরবীয়, কুয়েতি, ফিলিস্তিনিরাও যেমন মুসলমান আমরা বাঙালির একটা বড় অংশ মুসলমান, বলেন প্রধানমন্ত্রী। 

ইসলাম ধর্মের নির্দেশনা রয়েছে যার যার ধর্ম সে পালন করবে,  এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই ধর্মে অন্য কোনও ধর্মের ওপর আঘাত দেওয়ার কথা বলা হয়নি। মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর উক্তি ‘ধর্ম নিয়ে বাড়াবাড়ি করোনা’ উক্তিটিও স্মরণ করেন প্রধানমন্ত্রী। 

কাজেই বোমা মেরে মানুষকে হত্যা করা, মানুষকে হুমকি দেওয়া, এটা ধর্মের অবমাননা, বদনাম। আমার প্রশ্ন এরাই নিজেরাই ইসলাম ধর্মে বিশ্বাস করে কি না? বলেন প্রধানমন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.