Sylhet Today 24 PRINT

জয় অপহরণ চক্রান্তের মামলায় মাহমুদুর রহমানও!

সিলেটটুডে ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০১৬

প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চক্রান্তের মামলায় শফিক রেহমানের পর আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক কারাবন্দী মাহমুদুর রহমানকেও গ্রেপ্তার দেখানো হচ্ছে (শ্যোন অ্যারেস্ট)।  

পুলিশের শীর্ষ এক কর্মকর্তার বরাতে জানা গেছে,  যুক্তরাষ্ট্রে দণ্ডিত বিএনপি নেতার ছেলে রিজভী আহমেদ সিজারের কাছ থেকে মাহমুদুর রহমানও প্রধানমন্ত্রীপুত্রের ব্যক্তিগত তথ্য নিয়েছিলেন।

গত বছর সিজারকে দণ্ড দিয়ে যুক্তরাষ্ট্রের আদালতের দেওয়া রায়ে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছেলের ক্ষতি করার লক্ষ্যে তার ব্যক্তিগত তথ্য পেতে আসামি এফবিআইয়ের এক এজেন্টকে ঘুষ দিয়েছিলেন। ঘুষ দিয়ে তথ্য পাওয়ার পর তা সিজার বাংলাদেশি ‘একজন সাংবাদিককে’ তা সরবরাহ করেছিলেন এবং বিনিময়ে ‘প্রায় ৩০ হাজার ডলার’ পেয়েছিলেন বলেও রায়ে উল্লেখ করা হয়।

ওই রায়ের পর জয়কে অপহরণের চক্রান্তের অভিযোগ তুলে ঢাকার পল্টন থানায় পুলিশ একটি মামলা করে, যাতে সিজারের বাবা প্রবাসী বিএনপি নেতা মেহম্মদ উল্লাহ মামুনসহ দলটির শীর্ষ নেতৃবৃন্দকেও আসামি করা হয়।

শফিক রেহমানকে ওই মামলায় গ্রেপ্তারের কথা জানিয়ে পুলিশ জানায়, ২০১৩ সালে এই সাংবাদিক বিদেশ সফরের সময় ওই ‘ষড়যন্ত্রকারীদের’ সঙ্গে তার যোগাযোগ হয়েছিল।

সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণের পর হত্যার পরিকল্পনার অভিযোগে পল্টন থানায় ২০১৫ সালের আগস্টে দায়ের করা মামলায় শনিবার (১৬ এপ্রিল) সকাল আটটায় শফিক রেহমানকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর দুপুরে আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ডিবি জানিয়েছে, জয়ের ওপর যুক্তরাষ্ট্রে হামলার বিষয়ে মোহাম্মদউল্লাহ মামুন নামে একজনকে আসামি ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলাটি হয়েছিলো। ডিবি পুলিশ মামলাটির তদন্ত করছিলো। তদন্তে যুক্তরাষ্ট্রের ওই হামলার ঘটনায় শফিক রেহমানের সম্পৃক্ততা পাওয়ায় তাকে আসামি তালিকাভুক্ত করে গ্রেফতার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.