সিলেটটুডে ডেস্ক | ২১ এপ্রিল, ২০১৬
প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় হত্যা চেষ্টার রহস্য উন্মোচনে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা করেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে এ সংবাদ জানায় ভারতীয় এ বার্তা সংস্থা।
এ কর্মকর্তা বুধবার পিটিআই বলেছেন, “এই বিষয়ে আইনি সহায়তা চেয়ে ঢাকার করা অনুরোধে সাড়া দিয়েছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস।”
এদিকে, সজীব ওয়াজেদ জয় ফেসবুকে ভারতের হিন্দুস্থান টাইমসের একটি লিঙ্ক শেয়ার করেও তাঁর পক্ষ থেকে এ সংবাদের সত্যতা সম্পর্কেও নিশ্চিত করেন।
যুক্তরাষ্ট্রের একটি মামলার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছেলেকে অপহরণের চক্রান্তের বিষয়টি উঠে আসে।
ওই ঘটনায় গত বছর বাংলাদেশ পুলিশের করা মামলায় সম্প্রতি বিএনপিঘনিষ্ঠ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার এবং আটক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে রিমান্ডে নেওয়ার আবেদনের পর তা নিয়ে এখন তুমুল আলোচনা চলছে।
সহযোগিতা দেওয়ার কথা জানালেও ওয়াশিংটন ঢাকাকে কী ধরনের সহায়তা দিয়েছে, সে সম্পর্কে ওই কর্মকর্তা কিছু বলেননি বলে জানিয়েছে পিটিআই।
“আইনি সহায়তার অনুরোধের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সরকার যখন আইন প্রয়োগকারী তথ্য দেয়, সাধারণ হিসেবে আমরা সে বিষয়ে মন্তব্য করি না।”
এক এফবিআই এজেন্টকে ঘুষ দেওয়ার মামলায় গত বছর সাজা হয়েছিল যুক্তরাষ্ট্রপ্রবাসী জাসাসের এক নেতার ছেলে রিজভী আহমেদ সিজারের।
ওই মামলার নথিপত্রে দেখা যায়, এফবিআই এজেন্টকে ঘুষ দিয়ে জয় সম্পর্কে পাওয়া তথ্য বাংলাদেশের এক সাংবাদিককেও দিয়েছিলেন সিজার।
শফিক রেহমানের বাড়িতে তল্লাশি চালিয়ে জয় সম্পর্কিত ‘এফবিআইয়ের নথি’ পাওয়ার দাবি করেছে পুলিশ।