Sylhet Today 24 PRINT

তনুর স্বজন সহ ৪জনকে জিজ্ঞাসাবাদ

সিলেটটুডে ডেস্ক |  ২১ এপ্রিল, ২০১৬

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা তদন্তে তনুর স্বজন সহ চার জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।

যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন- তনুর খালা-খালু, তনুর প্রতিবেশী ও তাকে উত্ত্যক্তকারী হিসেবে অভিযুক্ত যুবক পিয়ার আহম্মেদের এক বন্ধু এবং তনুর গ্রামের বাড়ি মুরাদনগরের এক ইউপি সদস্য।

বুধবার সিআইডির বিশেষ পুলিশ সুপার ও তদন্ত সহায়ক কমিটির প্রধান আবদুল কাহার আখন্দের নেতৃত্বে সিআইডির কুমিল্লা অফিসে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদের বিষয়ে তনুর খালু মো. আলাল হোসেন ও খালা সাজেদা বেগম জানান, তনু কীভাবে, কোথায় মারা গেছে, তারা কাউকে সন্দেহ করেন কি-না এ ধরনের প্রশ্ন করা হয়েছে। এ ছাড়া তনুর গ্রামের বাড়ি মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামের পাশ্ববর্তী কোদালকাটার ইউপি সদস্য নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেন সিআইডি কর্মকর্তারা।

তারা জানান, কোদালকাটা গ্রামেই তনুকে কবর দেওয়া হয়েছে। তনুকে উত্ত্যক্তকারী হিসেবে অভিযুক্ত সেনানিবাস এলাকার বাসিন্দা ও ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পিয়ার আহম্মেদের বন্ধু জিদনিকেও জিজ্ঞাসাবাদ করা হয়।

এদিকে মঙ্গলবার রাতে তনু হত্যা মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী কুমিল্লা সেনানিবাস পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলামের সঙ্গে কথা বলেন সিআইডি কর্মকর্তারা।

তদন্ত সূত্র জানায়, সেনানিবাসে জিজ্ঞাসাবাদে সার্জেন্ট মহসিনসহ ঘটনার সময় কর্তব্যরত সেনাসদস্যরা যেসব তথ্য দিয়েছেন তা মিলিয়ে নিতেই তার সঙ্গে কথা বলা হয়। এসআই সাইফুল মামলার একজন সাক্ষী। তদন্তের অংশ হিসেবে সিআইডির তদন্ত দল বুধবার বিকেলেও কুমিল্লঅ সেনানিবাসে যায়। এক ঘণ্টা অবস্থান শেষে তারা ঢাকার উদ্দেশে রওনা দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.