Sylhet Today 24 PRINT

বাংলাদেশের টাকা ফেরত দিতে ফিলিপাইনের আদালতের কাজ শুরু

সিলেটটুডে ডেস্ক |  ২১ এপ্রিল, ২০১৬

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনায় ফিলিপাইনের অব্যাহত সহযোগিতার আরও এক প্রক্রিয়ায় সেখানকার আদালত এ সম্পর্কে কাজ শুরু করেছে। এর প্রেক্ষিতে সেখানকার সংশ্লিষ্ট সব ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন আগামী ২০ দিনের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছে সেদেশের একটি আদালত।

ফিলিপাইনের ক্যাসিনো ব্যবসায়ী কিম অং ওই অর্থের যে অংশ এরইমধ্যে দেশটির মুদ্রা পাচার প্রতিরোধ কাউন্সিলকে ফেরত দিয়েছেন তাও সম্পদ জব্দের এ আদেশের আওতায় রয়েছে বলে দেশটির গণমাধ্যমের খবরে এসেছে।

চুরি করা বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলারের একটা অংশ হাতে আসার কথা স্বীকার করেছেন কিম অং। তবে চুরি করে ওই অর্থ নেওয়ার বিষয়টি তার জানা ছিল না বলে দাবি করেছেন তিনি।

আদালতের আদেশে ফিলিপিন্স ন্যাশনাল ব্যাংকে (পিএনবি) অংয়ের ৪ দশমিক ৪৬ মিলিয়ন পেসোর অ্যাকাউন্ট, একই ব্যাংকে ক্যাসিনো অপারেটর ইস্টার্ন হাওয়াই লেইজার কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ৭৪ মিলিয়ন পেসোর অ্যাকাউন্ট এবং রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনে (আরসিবিসি) ব্যবসায়ী উইলিয়াম গোর নামে থাকা ১৯ হাজার ৯৮৩ পেসোর অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

ফিলিপিন্সের মুদ্রা পাচার প্রতিরোধ কাউন্সিল-এএমএলসি কিম অং, ইস্টার্ন হাওয়াই ও গোর বিরুদ্ধে জালিয়াতির মামলা করার পর সোমবার সম্পদ জব্দের এ আদেশ দেয় আদালত। আগামী ২ মে এ বিষয়ে শুনানির দিন রাখা হয়েছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.