Sylhet Today 24 PRINT

তিন মাসের মাথায় ফের রেল ভাড়া বৃদ্ধির পরামর্শ

সিলেটটুডে ডেস্ক |  ২২ এপ্রিল, ২০১৬

ফাইল ছবি

মাত্র তিন মাসে আগেই রেলের ভাড়া বাড়ানো হয়েছিল। এবার আবারও রেলের ভাড়া বৃদ্ধির পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার পরিকল্পনা রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির  বৈঠকে যাত্রী সেবার মান বাড়ানোর কথা বলে  রেলের ভাড়া আরও বৃদ্ধির পরামর্শ দেয়। গত ২০ জানুয়ারি রেলের ভাড়া ৭ দশমিক ৩২ শতাংশ বাড়ানো হয়।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে সভাপত্বি করেন কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। কমিটির সদস্য মো. তাজুল ইসলাম ও শামসুল হক চৌধুরী বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে সভাপতি আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, রেল হচ্ছে সবচেয়ে নিরাপদ বাহন। এখন পর্যন্ত অন্য যেকোনও বাহনের তুলনায় রেলের ভাড়া কম। তাই আমরা পরামর্শ দিয়েছি প্রয়োজনে ভাড়া বাড়িয়ে যাত্রী সেবার মান বাড়ানো হোক।

তিনি বলেন, যাত্রীরা বাসে যাওয়ার চেয়ে রেলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এজন্য ভাড়া বাড়িয়ে হলেও সেবার মান বৃদ্ধি করতে হবে। একইসঙ্গে বন্ধ রেলপথ শিগগিরই চালু করার সুপারিশ করা হয়েছে।

পাশ্ববর্তী দেশ ভারতের তুলনায় প্রায় তিনগুন রেলভাড়া আদায় করা হয় বাংলাদেশে, মানের দিক থেকেও কয়েকগুন পিছিয়ে বাংলাদেশ রেলওয়ে। এই অবস্থায় বারবার রেল ভাড়া বাড়ানোয় সাধারণ জনগণ থেকে এই জনসেবা দূরে সরিয়ে নেয়া হচ্ছে বলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মত দিয়েছিলেন। ভাড়া বাড়ানোর প্রতিবাদে আন্দোলনও করেছিল কয়েকটি রাজনৈতিক দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.