Sylhet Today 24 PRINT

অধ্যাপক রেজাউল হত্যা: ‘দাওলাতুল ইসলাম’ এর নামে দায় স্বীকার

নিজস্ব প্রতিবেদক |  ২৩ এপ্রিল, ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে ও গলা কেটে হত্যায় ‘দাওলাতুল ইসলাম’ নামে দায় স্বীকারের খবর দিয়েছে আত-তামকিন নামক (at-tamkin.site) একটি ওয়েবসাইট। যেটি নিজেদের আমাক সংবাদ সংস্থা বলে প্রচার করছে।

এই ওয়েবসাইটে ঝোলানো আরবী ও বাংলায় এ হত্যা সম্পর্কিত দুটি পোস্টার ঝুলিয়ে রাখা হয়েছে। তাতে লেখা হয়েছে - "বাংলাদেশের রাজশাহী শহরে দাওলাতুল ইসলামের সৈনিকগন বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে হত্যা করেন। সে নাস্তিকতাবাদের দিকে লোকদের আহবান করতো।"




আত-তামকিন নামক ওয়েবসাইটে ঘেঁটে দেখা গেছে সেখানে সবগুলো পোস্টেই উগ্রধর্মীয় প্রচার করা হচ্ছে। জংগি সংগঠন আইএস এর বিভিন্ন কর্মকাণ্ডের প্রচার, আইএস মুখপাত্র দাবিকের নিবন্ধ সেখানে প্রচার করা হচ্ছে।  

শনিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে নগরীর বোয়ালিয়া থানার শালবাগান এলাকায় নিজ বাসার সামনে খুন হন এই অধ্যাপক।


নিহতের ঘাড়ে ও গলায় তিন থেকে চারটি কোপের চিহ্ন পাওয়া গেছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন বোয়ালিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার গোলাম সাকলাইন।


নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীর বরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মামুন আব্দুল কাইয়ুম জানান, শনিবার সকাল ৭টা ৪০ মিনিটের বাসে অধ্যাপক রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ে আসার জন্য শালবাগান মোড়ে হেঁটে যাচ্ছিলেন। নিজ বাড়ি থেকে মাত্র ১০০ গজ দূরে আসার পরই গলির মধ্যে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুজন যুবক মোটরসাইকেলে এসে তাকে ঘাড়ে কোপ দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ প্রসঙ্গে সহকারী কমিশনার সাকলাইন বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বিষয়টি আমরাও শুনেছি। এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নগরীর বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান জানান, হত্যাকাণ্ডের সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে ২০১৪ সালের ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজের বাসার সামনে সন্ত্রাসী হামলায় খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.