Sylhet Today 24 PRINT

অধ্যাপক রেজাউল হত্যায় একজনকে জিজ্ঞাসাবাদ

সিলেটটুডে ডেস্ক |  ২৪ এপ্রিল, ২০১৬

 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের কথা জানিয়েছে পুলিশ।

রাজশাহীর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন রোববার (২৪ এপ্রিল) সকালে সংবাদয়াধ্যমকে বলেন, “গত রাতে আমরা একজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছি।”

তবে ওই ব্যক্তির পরিচয় বা তার কাছ থেকে কোনো তথ্য মিলেছে কিনা সে বিষয়ে কিছু জানাননি এ পুলিশ কর্মকর্তা।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নিজের বাড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে কুপিয়ে হত্যা করা হয় ইংরেজি বিভাগের  এই শিক্ষককে।

মোটর সাইকেলে আসা দুই যুবক তাকে কুপিয়ে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে জানিয়ে পুলিশ।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস এ হত্যার দায় স্বীকার করেছে বলে জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী এক ওয়েবসাইটে খবর এসেছে। পুলিশ কমিশনারও জঙ্গি গোষ্ঠীর সংশ্লিষ্টতার সন্দেহের কথা বলছেন।

এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহত অধ্যাপকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ।

‘কোমলগান্ধার’ নামে একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করতেন অধ্যাপক রেজাউল। ‘সুন্দরম’ নামে একটি সাংস্কৃতিক সংগঠনেরও উপদেষ্টা ছিলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.