Sylhet Today 24 PRINT

রাষ্ট্রকে দলীয় স্বার্থে ব্যবহার করায় মানুষ খুন হচ্ছে

সিলেটটুডে ডেস্ক |  ২৪ এপ্রিল, ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ও বিরোধী দল দমনে ব্যবহার করার কারণে দেশব্যাপী খুন, গুম, অপহরণ, গুপ্তহত্যা ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রকোপ বৃদ্ধি পেয়েছে।’

রোববার দলের সহ-দপ্তর সম্পাদক মো. আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতি তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে রাবি শিক্ষক খুনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘দেশে ন্যায় বিচার সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাওয়ায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হলো বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও এখন প্রাণ কেড়ে নেয়া হচ্ছে। ইতোপূর্বে এ বিশ্ববিদ্যালয়ে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর প্রকৃত রহস্য উদঘাটন এবং হত্যার শাস্তি না হওয়ার কারণে দুষ্কৃতিকারীরা একের পর এক শিক্ষকদের খুন করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘দেশব্যাপী সরকারি দলের সন্ত্রাসীদের দৌরাত্ম্য এতো বৃদ্ধি পেয়েছে যে, জনসমাজে মানুষের মৌলিক, মানবিক অধিকার, শান্তি, স্বস্তি এবং জানমালের নিরাপত্তা চরম বিপন্ন হয়ে পড়েছে। সহিংস তাণ্ডব ও বেআইনী কর্মকাণ্ড এবং বিচারহীনতার কারণে দুষ্কৃতিকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। সে কারণে প্রতিদিন দেশের বিভিন্ন জনপদে রক্ত ঝরছে এবং খালে-বিলে-মাঠে পাওয়া যাচ্ছে গলিত অর্ধগলিত লাশ।’

তিনি আরো উল্লেখ করেন, ‘আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।’

অপর এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও রাকসুর সাবেক ভিপি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী রাবির শিক্ষক ড. রেজাউল করিম সিদ্দিকীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের গণতন্ত্র, মানবতা, মনন, মণীষা, কৃষ্টি ও সভ্যতার শত্রু আখ্যা দিয়ে বলেন, ‘এ পৈশাচিক ঘটনায় প্রধান দায় সরকারের, কেননা ওই বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার কোনোটিতেই তারা প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তি দিতে পারেনি। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব দুষ্কৃতিকারীদের হাতে নিহত ড. রেজাউল করিম সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.