Sylhet Today 24 PRINT

তনুর জন্য হরতালে পুলিশের লাঠিচার্জ, আটক ১৩

সিলেটটুডে ডেস্ক |  ২৫ এপ্রিল, ২০১৬

ছবি ফেসবুক থেকে

সোহাগী জাহান তনু হত্যাসহ দেশব্যাপী ঘটতে থাকা অব্যাহত গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ শাস্তির দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের  ডাকা অর্ধদিবস হরতালে ঢাকার সাভারে জাহাঙ্গিনরগ বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের লাঠিচার্জ ও ১৩ ছাত্রজোট কর্মীকে আটকের খবর পাওয়া গেছে। এছাড়া বরিশালেও মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশের বাঁধায় ছাত্রজোটের কয়েকজন কর্মী আহত হয়েছেন।

সোমবার( ২৫ এপ্রিল) সকালে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য’র ডাকে এই হরতাল পালনের সময় পুলিশ তাদের আটক করে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের কার্যকরী সদস্য তন্ময় ধর বলেন, সকাল থেকেই শান্তি পূর্ণভাবে হরতাল কর্মসূচি পালন করে আসছিল নেতাকর্মীরা। কিছুক্ষণ আগে পুলিশ আমাদের কর্মসূচি কয়েকজন নেতা-কর্মীকে আটক করে নিয়ে যায়।

হরতালের সমর্থনে সকাল সাড়ে ৬টায় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রান্তিক গেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে ছাত্রজোটের নেতা-কর্মীরা। এতে রাস্তার দুই পাশে শত শত বাস, ট্রাক, মিনিবাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল আটকা পড়ে।

পরে পুলিশ আন্দোলনকারীদের লাঠিচার্জ করে রাস্তা থেকে সরিয়ে দেয়। এ সময় প্রচার সম্পাদক উজ্জ্বলসহ কয়েকজন আহত হন।

এ ব্যাপারে আশুলিয়া থানা উপ-পরিদর্শক (এসআই) মহসিন কাদের  বলেছেন, ‘রাস্তা পরিষ্কার করতে কাজ করছি'। তবে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা এই প্রসঙ্গ এড়িয়ে যান তিনি।

এদিকে হরতালের সমর্থনে সকালে বরিশাল, কুমিল্লা সহ কয়েকটি এলাকায় মিছিল করেছে ছাত্রজোট কর্মিরা। এর আগে রোববার রাতে হরতাল সমর্থনে মশাল মিছিল পালিত হয় সিলেটসহ বিভিন্ন এলাকায়

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.