Sylhet Today 24 PRINT

অধ্যাপক রেজাউল হত্যা: মঙ্গলবার এক ঘণ্টার কর্মবিরতির ডাক জাবিতে

সিলেটটুডে ডেস্ক |  ২৫ এপ্রিল, ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে আগামীকাল মঙ্গলবার(২৬ এপ্রিল) এক ঘণ্টা কর্মবিরতি ডাক দিয়েছে  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি।

রোববার (২৪ এপ্রিল) সমিতির নির্বাহী পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় এ বর্বর ও পাশবিক হত্যাকাণ্ডের জন্য তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এক ঘণ্টা কর্মবিরতি পালন এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে কালো ব্যাচ ধারণ করে মানববন্ধন। একই সঙ্গে ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলমের মাধ্যমে স্বরাষ্ট্র ও শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দেবেন শিক্ষকরা।

এ ব্যাপারে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার ও সাধারণ সম্পাদক বশির আহমেদ বলেছেন, প্রগতিশীল, মুক্তমনা ও সৃজনশীল গবেষকদের কণ্ঠরোধের জন্য অন্ধকারের শক্তি মরিয়া হয়ে উঠেছে। সারাদেশে নিরাপত্তাহীনতার আশঙ্কা তৈরি হয়েছে।

তারা বলেন, আমরা এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং জাতির মেধাবী ও প্রগতিশীল বুদ্ধিজীবীদের জীবনের নিরাপত্তা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে সরকার ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জোর দাবি জানাচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.