Sylhet Today 24 PRINT

সাম্প্রতিক হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৫ এপ্রিল, ২০১৬

ফাইল ছবি

দেশে ঘটে যাওয়া সাম্প্রতিক হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত অনেক দেশ থেকেও ভাল বলেও উল্লেখ করেছেন তিনি।

সোমবার (২৫ এপ্রিল) গাজীপুরের কাশিমপুর কারাগারের মূল ফটকের সামনেই সদ্য অবসরপ্রাপ্ত কারারক্ষী রুস্তম আলী খুনের পর এক প্রতিক্রিয়ায় সচিবলয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের মন্ত্রী বলেন, "শীঘ্রই এই খুনের রহস্য উদঘাটন করা হবে, এই ঘটনায় জঙ্গিরা জড়িত কিনা তাও খতিয়ে দেখা হবে।"

কামাল বলেন, "এসব বিচ্ছিন্ন ঘটনার সাথে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মেলালে হবে না, উন্নত অনেক দেশ থেকেও বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।"।

মন্ত্রী বলেন, সকল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে সরকার কাজ করে যাচ্ছে।  সব অপরাধীকেই আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, সোমবার সকাল ১১টায় কাশিমপুর কারাগারের মূল ফটকের ২০০ গজ দূরে মোটরসাইকেল আরোহী অজ্ঞাত দুর্বৃত্তের  গুলিতে নিহত হন সাবেক প্রধান কারারক্ষী রুস্তম আলী।

শনিবার (২৩ এপ্রিল) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকিকে  নিজ বাসার অদূরেই কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। পরে এই হত্যার দায় স্বীকার করে "দাওলাতুল ইসলাম" এর নামে খবর বের হয়।
যুক্তরাষ্ট্রের সাইট ইন্টিলিজেন্স এই হত্যায় আইএস (ইসলামিক স্টেট) এর খবর দেয়। তবে এসব দায় স্বীকারের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.