Sylhet Today 24 PRINT

প্রাথমিকের বইয়ে প্রধানমন্ত্রীর ছবি ছাপানোর সুপারিশ

সিলেটটুডে ডেস্ক  |  ২৬ এপ্রিল, ২০১৬

প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের সব পাঠ্যবইয়ের কভার পৃষ্ঠায় প্রধানমন্ত্রীর বই বিতরণের ছবিসহ ‘মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা’ স্লোগান অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। ২০১৭ শিক্ষাবর্ষ থেকে এ সুপারিশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে সব প্রাথমিক বিদ্যালয়ে কাউন্সিল ও ক্লাব দলের কাজ অব্যাহত রাখা এবং বিদ্যালয়গুলোতে মা সমাবেশ করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়। এ ছাড়া দেশের সব উপজেলা স্কুল ফিডিং কার্যক্রমে অন্তর্ভুক্ত করে প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করা হয়।

কমিটি প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চলমান মামলাগুলোর রায়ের পর আর কোনো আপিল না করার এবং চলমান আপিলের কার্যক্রম না চালানোর সুপারিশ করে।

কমিটির সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম, আবুল কালাম, আলী আজম ও উম্মে রাজিয়া অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.