Sylhet Today 24 PRINT

জঙ্গি দমনে ‘অভিজ্ঞ’ বিএনপি ‘সহায়তা’ করতে চায় সরকারকে

সিলেটটুডে ডেস্ক |  ২৯ এপ্রিল, ২০১৬

বাংলাদেশে জঙ্গি কর্মকাণ্ড দমনে বিএনপি-জামায়াত জোট সরকারকে ‘সবচেয়ে অভিজ্ঞ’ ও ‘সফল’ দাবি করে বিএনপি বলেছে, অতীতের অভিজ্ঞতার আলোকে তারা বর্তমান সরকারকেও সহায়তা করতে চায়।

সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান হত্যাসহ সাম্প্রতিক কয়েকটি খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শুক্রবার সংবাদ সম্মেলনে দলের এই অবস্থান তুলে ধরেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

“বাংলাদেশে জঙ্গি দমনে সবচেয়ে অভিজ্ঞ এবং সফল সরকার বিএনপি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, মানবতা, সভ্যতাবিরোধী যেকোনো ধ্বংসাত্মক জঙ্গি কর্মকাণ্ড দমন করতে অতীতের অভিজ্ঞতা দিয়ে বিএনপি সহায়তা দিতে প্রস্তুত।

“বিএনপি দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে শান্তি, স্বস্তি, মানুষ ও রাষ্ট্রের নিরাপত্তা ও গণতন্ত্রবিরোধী প্রাণবিনাশী জঙ্গি শক্তিকে দমন করতে সর্বশক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে।”

সংবাদ সম্মেলনে বর্তমান সরকার জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছে বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা।

তবে গত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশসহ (জেএমজেবি) বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের উত্থান ঘটে, তারা সারা দেশে একযোগে বোমা হামলা চালায়।

দেশের উত্তরাঞ্চলে জঙ্গি নেতা নেতা শায়খ আব্দুর রহমান ও ছিদ্দিকুর রহমান বাংলা ভাইয়ের সঙ্গে জামায়াত ও বিএনপি নেতাদের সম্পর্কের কথাও গণমাধ্যমে এসেছে।

বিএনপি-জামায়াতের উচ্চ পর্যায়ের অনেক নেতার বিরুদ্ধে জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগ উঠেছিল, যাদের অনেকেই দণ্ডিত হয়েছেন। জঙ্গি সংগঠন জেএমজেবির নেতা শায়খ রহমান ও বাংলা ভাইয়ের সঙ্গে বিএনপির একাংশের ও জামায়াতে ইসলামীর সম্পর্কের বিষয়টিও গোপনীয় নয়।

সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ নেতা আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.