Sylhet Today 24 PRINT

রওশনকে পাশে পেয়ে এরশাদের ‘হৃদয় আনন্দে ভরপুর’

সিলেটটুডে ডেস্ক |  ০১ মে, ২০১৬

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, 'জাতীয় পার্টিতে দুর্যোগের ঘনঘটা ছিল; আজ তা কেটে গেছে। আজ আমার জীবনের অন্যতম একটা খুশির দিন। আজ হৃদয় আনন্দে ভরপুর, কারণ রওশন আজ আমার পাশে ফিরেছে। আজ আমার খুশির দিন।'
 
মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত এক সমাবেশে এরশাদ এ কথা বলেন। রাজধানীর কাকরাইলে দলের কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়।
 
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ বলেন, 'দেশে প্রতিদিন খুন হচ্ছে মানুষ। এই সরকারের পক্ষে জনগণের নিরাপত্তা দেয়া সম্ভব নয়। তাই সব দলকে একসঙ্গে বসতে হবে এই বালা-মুসিবত দূর করতে। মানুষ পরিবর্তন চায়, তবে বিএনপিকে নয়, জাতীয় পার্টিকে চায়।'
 
একপর্যায়ে ডান পাশে সংসদে বিরোধীদলীয় নেতা ও জাপার জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ ও বাম পাশে কো-চেয়ারম্যান জিএম কাদেরের হাত উঁচু করে এরশাদ বলেন, 'জাতীয় পার্টি এখন ঐক্যবদ্ধ থাকবে, একসঙ্গে থাকবে। আজ থেকে আমাদের নতুন যাত্রা শুরু।'

এরশাদের আগে বক্তব্য দিতে দাঁড়িয়ে বিশেষ অতিথির বক্তব্যে রওশন প্রথমে মে দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও এর তাৎপর্য তুলে ধরেন। শ্রমিকদের মজুরি ন্যূনতম ১৮ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে তিনি বলেন, 'শ্রমিকরা আজ ভালো নেই। কিন্তু দেশে ঘটা করে মহান মে দিবস পালন করা হচ্ছে।'
 
বক্তব্যের শেষ পর্যায়ে রওশন এরশাদ উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, 'আমাকে দলের সিনিয়র কো-চেয়ারম্যান করা হয়েছে। আপনারা কি এটা সমর্থন করছেন? যদি করেন তাহলে আমি এ পদে থাকব, নইলে নয়।'
 
সমাবেশে জিএম কাদের ছাড়াও আরও বক্তব্য দেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য কাজি ফিরোজ রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, সাংসদ আবু হোসেন বাবলা প্রমুখ।
 
এই সমাবেশে জিয়াউদ্দিন বাবলু, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং তাজুল ইসলাম ছাড়া 'রওশনপন্থি' হিসেবে পরিচিত সব নেতাই উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.