Sylhet Today 24 PRINT

মে দিবসেও ঝুঁকিপূর্ণ কাজ, প্রাণ গেল ২ নির্মান শ্রমিকের

সিলটটুডে ডেস্ক |  ০২ মে, ২০১৬

মহান মে দিবসে রাজধানীর মতিঝিলের দিলকুশার একটি নির্মাণাধীন ভবনে কর্মরত অবস্থায় দুর্ঘটনার শিকার হয়ে দুই নির্মাণশ্রমিক মারা গেছেন।

রোববার বিকালে ৪০ দিলকুশায় নির্মাণাধীন ভবনে রড ওঠানোর কাজ করার সময় তারা মারা যান। নিহত দুই শ্রমিক হলেন গাইবান্ধা জেলার শাগহাটার কুচুয়া গ্রামের আমিরুল শেখের ছেলে স্বপন শেখ (১৮) ও রংপুরের মিঠাপুকুরের ফজলু মিয়ার ছেলে আবদুল হালিম (৩০)।

বিকাল সাড়ে ৪টার দিকে দিলকুশার নির্মাণাধীন ভবনটিতে ইলেকট্রিক মেশিন ​দিয়ে রড ওঠানোর সময় স্বপন ও হালিম মারা যান। তারা বিদ্যৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন- পুলিশ এমনটি ধারণা করছে বলে জানিয়েছেন মতিঝিল থানার ওসি ওমর ফারুক।

মতিঝিল থানার এসআই মোহাম্মদ সালাউদ্দিন জানান, নির্মাণাধীন ভবনে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের লাইন ব্যবহার হতো। সেখানে লোহার রড তোলার সময় স্বপন ও হালিম বিদ্যুতস্পৃষ্ট হন।

এর মধ্যে স্বপন ভবনটির চারতলাতে পড়ে থাকলেও হালিম ছিটকে নিচে পড়ে যান। পরে পুলিশ ও অন্য শ্রমিকরা স্বপন ও হালিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। তাদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.