Sylhet Today 24 PRINT

বর্ষবরণে যৌন নিপীড়ন : ৩য় বারের মত পেছাল পুনঃতদন্ত প্রতিবেদন

সিলেটটুডে ডেস্ক |  ১০ মে, ২০১৬

১৪২২ বাংলা বর্ষবরণের উৎসবে নারীদের উপর যৌন নিপীড়নের মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলে পুলিশের তদন্ত ব্যুরোকে (পিবিআই) আবারও সময় দিয়েছে আদালত।

দেশজুড়ে আলোচিত এই ঘটনার তদন্তের দায়িত্ব পাওয়ার পর পিবিএ এনিয়ে তৃতীয় দফা সময় নিলো।

মঙ্গলবার (১০ মে) নির্ধারিত দিনে পিবিআই প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈনুদ্দীন ২ জুন দিন ঠিক করেন।

আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন জানান, ২৩ ফেব্রুয়ারি পিবিআই মামলাটির পুনঃতদন্তের দায়িত্ব পাওয়ার পর প্রতিবেদন দাখিলের তারিখ তৃতীয়বারের মতো পেছালো।

২০১৫ সালের ১৪ এপ্রিল নারী নির্যাতনের এই ঘটনাটি প্রথমে এড়িয়ে যেতে চাইলেও নারী ও ছাত্র সংগঠনগুলোর আন্দোলনের মুখে পুলিশ একটি মামলা করে।

এরপর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আট লাঞ্ছনাকারীর ছবি প্রকাশ করে তাদের ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কারও ঘোষণা করে পুলিশ।

তারপর চিহ্নিত অপরাধীদের খোঁজ পাওয়া যায়নি উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন ডিবির পরিদর্শক দীপক কুমার দাস। তার মধ্য দিয়ে শাহবাগ থানার এসআই আবুল কালাম আজাদের করা মামলাটির ইতিই ঘটেছিল।

কিন্তু এরপর গত ডিসেম্বরে চিহ্নিত একজনকে পুলিশ গ্রেপ্তার করার পর মামলাটি পুনরুজ্জীবিত হয়।

এরপর ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি ডিবির দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করে ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার মামলাটি পুনঃতদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.