Sylhet Today 24 PRINT

যুদ্ধাপরাধী নিজামীর ফাঁসি: প্রস্তুত হচ্ছে চার অ্যাম্বুলেন্স

সিলেটটুডে ডেস্ক |  ১০ মে, ২০১৬

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের প্রস্তুতি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চারটি অ্যাম্বুলেন্স প্রস্ত্তত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কারারক্ষী জানান, কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের  নির্দেশে চারটি অ্যাম্বুলেন্স ঠিক করা হয়েছে। পরবর্তী নির্দেশনা পেলে অ্যাম্বুলেন্স চারটি কারাগারের সামনের বকশিবাজার আলিয়া মাদ্রাসার মাঠে রাখা হবে। 

এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিজামীর সাথে দেখা করতে যান তার স্বজনেরা।

নিজামীর অন্যতম আইনজীবী মতিউর রহমান আকন্দ মঙ্গলবার বিকালে বলেন, “কারা কর্তৃপক্ষ দেখা করতে যেতে বলেছে। উনারা (পরিবার) যাচ্ছেন।”  

যুদ্ধাপরাধী নিজামীর মৃত্যুদণ্ড মঙ্গলবার কার্যকর হবে কি না, সে বিষয়ে সরকারি কর্মকর্তাদের স্পষ্ট কোনো ঘোষণা না এলেও স্বজনদের ডেকে পাঠানোর মধ্যে একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ইতোমধ্যে বলেছেন, মৃত্যুদণ্ড কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিজামী রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা না করলে যে কোনো সময় দণ্ড কার্যকর করা যাবে।

এদিকে মঙ্গলবার বিকাল থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে কারা এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

কারাগারের সামনের সড়কে ব্যারিকেড বসানো হয়েছে। যানচলাচল সীমিত করে দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.