Sylhet Today 24 PRINT

নিজামীর ফাঁসি : ‘জল্লাদ প্যানেল’ থেকে ‘প্রধান জল্লাদ’ রাজু

সিলেটটুডে ডেস্ক |  ১০ মে, ২০১৬

ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকর হওয়া অপর যুদ্ধাপরাধীদের জল্লাদ প্যানেলে থাকলেও এবারই প্রথমবারের মত প্রধান জল্লাদের ভূমিকা পালন করবেন তানভীর হাসান রাজু। তার নেতৃত্বে শীর্ষ যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হবে। তাকে সহায়তা করবেন আরো ৬ জল্লাদ।

জানা যায়, কাদের মোল্লা, কামারুজ্জামান, মুজাহিদ ও সাকা চৌধুরীর ফাঁসির রায় কার্যকরে জল্লাদ প্যানেলে ছিলেন রাজু। তবে এবারই প্রথম প্রধান জল্লাদের দায়িত্ব পালন করবেন।

কারাসূত্র জানায়, মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় জল্লাদ রাজুকে। এরপর নিজেই পরখ করে নেন ফাঁসির মঞ্চটা। কারা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় সহকর্মী অপর জল্লাদদের নিয়ে দুই দফায় দেন ফাঁসির মহড়া।

কারা সূত্র জানায়, কারা কর্তৃপক্ষের তালিকায় দীর্ঘদিনের পুরনো ও বিশ্বস্ত জল্লাদ শাহজাহান ও জনি। এরপরই ছিল রাজুর নাম। এখন শাহজাহান জল্লাদের বয়স হয়েছে। অভিজ্ঞতা থাকলেও ধারটা কমে এসেছে তার। জনি জল্লাদ কয়েকদিন ধরে অসুস্থ। তাকে ভর্তি করা হয়েছে কারা হাসপাতালে। এজন্যই এবার তালিকায় তাদের নাম ছিল না। সেই জায়গায় এসেছে অভিজ্ঞ রাজু।

কারা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, নিয়ম অনুযায়ী যাবজ্জীবন দণ্ড পাওয়া কয়েদিদের মধ্য থেকে জল্লাদ নির্বাচন করা হয়। সেক্ষেত্রে তাদের অপরাধের ধরণ, আচরণসহ অন্যান্য বিষয় যাচাই করা হয়। তাদের মধ্যে এবারের দলনেতা রাজু গত ১৫ বছর ধরে কারাগারে রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.