Sylhet Today 24 PRINT

নিজামীর গ্রামের বাড়িতে নিরাপত্তা জোরদার, আটক ১৬

সিলেটটুডে ডেস্ক |  ১০ মে, ২০১৬

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর জন্মস্থান সাঁথিয়াসহ পাবনার বিভিন্ন এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাশকতার আশংকায় জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার ও মঙ্গলবার সাদাপোশাকে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা কয়েক দফা ওই এলাকা রেকি করেছেন বলে জেলা পুলিশের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

পাবনার পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, দুই দিন ধরে সাঁথিয়াসহ পাবনার বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সাদাপোশাকের পুলিশও বিভিন্ন দিকে নজরদারি রাখছে।

এদিকে নাশকতার আশংকায় সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে সাঁথিয়া থেকে তিনজন, আতাইকুলা থেকে একজন, ঈশ্বরদী থেকে একজন ও পাবনা শহর এলাকা থেকে ১১ জনকে আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.