Sylhet Today 24 PRINT

সাঁথিয়ায় গ্রামের কবরস্থানে নিজামীকে দাফন

নিউজ ডেস্ক |  ১১ মে, ২০১৬

জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১১ এপ্রিল) সকাল সোয়া সাতটার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার মনমথপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে ছেলে ব্যারিস্টার আব্দুল মোমিন বাবা নিজামীর জানাজা পড়ান।

জামায়াতে ইসলামীর আমির নিজামী সপরিবারে ঢাকার বনানীতে থাকতেন। তবে তার দাফন জন্মস্থান পাবনার সাঁথিয়া উপজেলার মনমথপুরে করার প্রস্তুতি চলে সন্ধ্যার পর থেকে।

মধ্যরাতে মৃত্যুদণ্ড কার্যকরের পর রাত দেড়টায় দুটি অ্যাম্বুলেন্স কারাফটক দিয়ে বেরিয়ে আসে, এর একটিতে ছিল জামায়াত আমিরের লাশ। সামনে-পেছনে ছিল র‌্যাব ও পুলিশের ছয়টি এবং কারা কর্তৃপক্ষের একটি গাড়ি।

কারাগার থেকে বেরিয়ে ফার্মগেইট, উত্তরা হয়ে বাইপাইল দিয়ে টাঙ্গাইল পেরিয়ে বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে পাবনার সাঁথিয়ায় যায় লাশবাহী এই গাড়ির বহর।

এজন্য মহাসড়কের গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ অংশে নিরাপত্তা জোরদার করা হয়। পাবনায়ও কড়া পাহারা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

সাঁথিয়ার ধোপাদহ ইউনিয়নের মনমথপুরে গ্রামে সকাল সোয়া ৬টার দিকে পৌঁছায় লাশ। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে লাশ গ্রহণ করেন নিজামীর ছেলে নাজিব মোমেন।

মনমথপুর মাদরাসা মাঠে জানাজা শেষে সকাল সাড়ে ৭টায় নিজামীকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিজামীকে মঙ্গলবার (১০ মে) দিনগত রাত ১২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝোলানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.