Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে পুলিশের ভয়ে পালাতে গিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক  |  ১১ মে, ২০১৬

জৈন্তাপুরে পুলিশের ভয়ে পালাতে গিয়ে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের রাংপানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত মো. অহিদ মিয়া (৩৫) উপজেলার আসামপাড়া টিলাবাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে। পেশায় তিনি পাথর ব্যবসায়ী।


স্থানীয় সূত্রে জানা যায়, রেজিস্ট্রেশনবিহীন একটি মোটর সাইকেলে করে জৈন্তাপুরের দিকে আসছিলেন ব্যবসায়ী অহিদ। রাংপানি মসজিদ সংলগ্ন ব্রিজের কাজে পুলিশের তল্লাশি চৌকি দেখে তিনি মোটর সাইকেল ঘুরিয়ে পালানোর চেষ্টা করেন।


এসময় পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করলে জাফলংগামী একটি ট্রাকের সাথে তার মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে মোটর সাইকেলসহ অহিদ ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই অহিদ মিয়ার মৃত্যু হলে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।


তবে পুলিশের ধাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন জৈন্তাপুর থানার ওসি শফিউল কবীর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.