সিলেটটুডে ডেস্ক | ০৮ মার্চ, ২০১৫
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের শুনানি সোমবার (৯ মার্চ) অনুষ্ঠিত হবে।
রোববার (৮ মার্চ) শুনানির এ দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তবে আসামিপক্ষের কেউ উপস্থিত ছিলেন না।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে রিভিউ শুনানি অনুষ্ঠিত হবে। বেঞ্চের অন্য তিন সদস্য হচ্ছেন বিচারপতি আব্দুল ওহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম পরে তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, আশা করছি, সোমবার আপিল বিভাগের কার্যতালিকায় আসার পর সেদিনই শুনানি শুরু হবে।
শুনানি শেষ হতে কতোদিন লাগতে পারে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বিস্তারিত শুনানির কোনো অবকাশ নেই। রায়ের যে ভুল আছে বলে মনে করেন আসামিপক্ষ, শুধু সে বিষয়েই শুনানি হতে পারে।
এর আগে ফাঁসির রায় কার্যকর হওয়া কাদের মোল্লার রিভিউ আবেদনের রায়কে উদ্ধৃত করে অ্যাটর্নি জেনারেল বলেন, সে রায়েও যতো দ্রুত সম্ভব রিভিউ নিষ্পত্তির কথা বলা হয়েছে।