নিজস্ব প্রতিবেদক | ০৮ মার্চ, ২০১৫
বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিত রায় হত্যাকান্ডে আটককৃত শফিউর রহমান ফারাবীর সিলেটের বাসায় অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ। আজ দুপুরে গোষেন্দা পুলিশের একটি দল নগরীরর মুন্সীপাড়া আবাসিক এলাকায় ১৬/ডি নং ভবনের দোতলায় অভিযান চালায়। এসময় বাসা থেকে কম্পিউটারের একটি সিপিইউ, একটি ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ও বই উদ্ধার করা হয়েছে।
তবে অভিযানে কাউকে আটক করা হয়নি। স্থানীয়রা জানায়, এক বছর যাবত ফারাবী’র সৎ মা ও বোন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমানের এই বাসায় ভাড়া থাকেন। এসএমপি’র অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) কর্মকর্তা মো: রহমতুল্লাহ জানান ঢাকার গোয়েন্দা পুলিশ এসএমপির সহায়তায় ফারাবীর বাসায় তল্লাশি চালিয়েছে।
ফারাবি তিনবছর থেকে মা ও বোনকে নিয়ে সিলেটে বসবাস করলেও এ ব্যাপারে কিছুই জানতেন না এলাকার লোকজন। সিলেট মহানগর পুলিশের কাছেও এরকম কোন তথ্য ছিল না।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাথে অভিযানে অংশ নেয়া কোতোয়ালী থানার এসআই ফয়েজ আহমদ জানান- ফারাবি যে বাসায় থাকত ওই বাসার মালিক মুজিবুর রহমান। অভিযানকালে ফারাবির ফ্ল্যাটে কাউকে পাওয়া যায়নি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. রহমত উল্লাহ সিলেটটুডে২৪ডটকমকে জানান- ‘ফারাবি সিলেটে থাকত এরকম কোন তথ্য আমাদের কাছে ছিল না। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল সিলেট আসার পর আমরা তা জেনেছি। তারা সহযোগিতা চাইলে আমরা তদন্ত করে দেখন সিলেটে ফারাবির কোন নেটওয়ার্ক ছিল কি-না।’